২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার এবং গণতন্ত্রই হলো বিশ্বে সন্ত্রাস মোকাবিলার প্রধান অস্ত্র: মাদ্রিদ সম্মেলনে শেখ হাসিনা

সংসদের বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্পেনের মাদ্রিদ সম্মেলনে বলেছেন, সারা বিশ্বে মানবাধিকার এবং গণতন্ত্রই হলো সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রধান অস্ত্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 06:41 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

মঙ্গলবার মাদ্রিদে গণতন্ত্র, সন্ত্রাস এবং নিরাপত্তা শীর্ষক চারদিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাদ্রিদ ক্লাবের আয়োজনে সাবেক রাষ্ট্র ও সরকার প্রধানদের উচ্চ পর্যায়ের এই আন্তর্জাতিক সম্মেলন চলছে। স্পেনের রাজা আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন। ৫২ টি দেশের ২০০টিরও বেশি প্রতিনিধি এই সম্মেলনে আংশগ্রহণ করেন।

শেখ হাসিনা বলেন, সন্ত্রাস হচ্ছে মানবাধিকার এবং গণতন্ত্রের পরিপন্থী। সন্ত্রাসবাদ প্রকৃতগতভাবে নির্বিচারে সাধারণ মানুষের অধিকার হরণ করে। একই সঙ্গে তা লঙ্ঘন করে মানবাধিকার।

শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, সাম্প্রতিক সময়ে ‘সন্ত্রাস’ শব্দটি বিশ্বব্যাপী সকল সরকারের কাছে একটি আপ্তবাক্য হিসাবে পরিনত হয়েছে। কিন্তু তারা সন্ত্রাসের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপ করতে সক্ষম হননি।

তিনি বলেন, এর একমাত্র কারণ হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি। সেখানে ঐক্যের বদলে রয়েছে বিভক্তি।

তিনি আরও বলেন, সংকীর্ন রাজনৈতিক উদ্দেশ হাসিলের জন্য একের দোষ অন্যের ঘাড়ে চাপানোর প্রবনতা মানুষের মর্যাদা এবং বিশ্বজনীন মুল্যবোধ, তথা মানবাধিকার উর্ধ্বে তুলে ধরার ক্ষেত্রে অন্তরায়।

শেখ হাসিনা বলেন, সন্ত্রাস মোকাবিলায় বিশ্বব্যাপী সরাসরি মানবাধিকারকে লংঘন করা হচ্ছে। আইনের যথাযথ প্রযোগের ওপর তুলনামূলক জরিপেও একই কথা বলা হয়ছে।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে  বিরোধী পক্ষকে মোকাবিলায় স্বেচ্ছাচারী আটকাদেশ এবং এ ধরণের আরও অন্যান্য মানবাধিকার লংঘনের ক্ষেত্রে সন্ত্রাসকে অজুহাত হিসেবে ব্যবহার করা হয়। এসব পরবর্তীতে সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির পথকে প্রশস্ত করে।

শেখ হাসিনা বলেন, এরই পরিপ্রেক্ষিতে সন্ত্রাস মোকাবিলায় যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়, তা মুক্ত সমাজের ভিত্তি তথা মানুষের মৌলিক মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার ভিত্তিমূলে কুঠারাঘাত করে।

শেখ হাসিনা বলেন, গণতন্ত্র হচ্ছে সাধারণ মানুষের অংশ গ্রহণের স্বাধীনতা, সমানাধিকার, আইনের শাসন, নারী-পুরুষের বৈষম্যহীন ব্যবস্থা, সুশাসন এবং এমন এক সমাজের বাস্তবায়ন যেখানে উগ্রবাদের কোনো স্থান নেই।

মাদ্রিদ সম্মেলনে শেখ হাসিনা ‘বিশ্ব গণতন্ত্র সংস্থা’ নামে বিশ্বব্যাপী একটি গণতান্ত্রিক শাসন  কাঠামো ব্যবস্থাপনার ওপর প্রস্তাবনা করেন। এতে বলা হয়, আন্তর্জাতিক অর্থনীতি এবং বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে গণতন্ত্র ভিত্তি হিসেবে কাজ করবে। একটি নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে গণতন্ত্রের বিকাশ করবে এবং তাকে ধারাবাহিকভাবে রক্ষা করতে হবে।

আওয়ামী লীগ সভা নেত্রী সম্মেলনে ওই প্রস্তবনা তুলে ধরে আরও বলেন, এই বিশ্বায়ন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রকে সবার কাছে পৌঁছে দিতে হবে। এমনকি যেখানে আদৌ গণতন্ত্র নেই বা যেখানে খুব ধীরে ধীরে এর চর্চা হচ্ছে সেখানেও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে আমাদের সব ধরণের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।