হরতাল বিষয়ে ইউএনডিপির প্রতিবেদন প্রকাশ
ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)র ‘বিয়ন্ড হরতাল: টুয়ার্ডস ডেমোক্র্যাটিক ডায়লগ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদন আগামী বৃহস্পতিবার প্রকাশিত হবে।
ইউএনডিপির ওই প্রতিবেদনে আর্থ-সামাজিক ক্ষেত্রে হরতালের প্রভাব তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে হরতালের ব্যাপারে জনগণের মতামতও যাচাই করা হয়েছে।
বাংলাদেশের ইতিহাস, অর্থনীতি, আইন ও গণমাধ্যম বিশেষজ্ঞদের সমন্বয়ে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়। এতে ‘হরতাল সংস্কৃতি’ থেকে বেরিয়ে আসার উপায় অনুসন্ধান করা হয়েছে।
প্রতিবেদনটি আগামী বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হবে। এতে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি জর্গেন লিসনার উপস্থিত থাকবেন।
