খাদ্যমন্ত্রীর সাথে রুদ্ধদ্বার বৈঠক ব্যর্থ : জাপার সংসদ সদস্যরা ক্ষুব্ধ
প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি বাস্তবায়ন নিয়ে জাতীয় পার্টির (এরশাদ) সংসদ সদস্যদের সাথে খাদ্যমন্ত্রীর রুদ্ধদ্বার সমঝোতা বৈঠক উপমন্ত্রীর মন্তব্যের কারণে ব্যর্থ হয়েছে।
জাতীয় পার্টির সদস্যরা ক্ষুব্ধ হয়ে বৈঠক ত্যাগ করে চলে গেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রায় দু’ঘন্টাব্যাপি এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে খাদ্যমন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং জাপার হুইপ তাজুল ইসলাম চৌধুরী, ডা: টিআইএম ফজলে রাব্বী, মশিউর রহমান রাঙ্গা, গোলাম হাবিব দুলাল, নূর মোহাম্মদ মণ্ডল এবং মজিবর রহমান উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সম্প্রতি বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি সদস্যদের সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর দেওয়া উন্নয়ন কাজের সুষম বণ্টন বিষয়ক প্রতিশ্র“তি বাস্তবায়ন নিয়ে বৈঠকে আলোচনা হয়।
এ সময় জাপা নেতারা মন্ত্রীকে জানান, ক্ষমতাসীন দলের সদস্যরা এরইমধ্যে তাদের নির্বাচনী এলাকায় টিআর ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) জন্য ২৫০,০০০ টাকা ও ১০০ টন চাল বিশেষ বরাদ্দ হিসেবে পেয়েছেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি অনুযায়ী ‘ডিও’ লেটার জমা দিলেও জাপা সদস্যরা খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে কোন বরাদ্দ পাওয়া যায়নি। ফলে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের এলাকায় কাজ শেষ হলেও তারা কোন উন্নয়ন কাজ করতে পারেননি।
এ সময় উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্ত্রীর কাছে অভিযোগ করেন, জাপা’র সদস্যরা তার বিরুদ্ধে সরকারের উচ্চ পর্যায় থেকে ‘অসহযোগিতা’র অভিযোগ করেছেন। যা অত্যন্ত দু:খজনক।
খাদ্যমন্ত্রী কামাল ইবনে ইউসুফ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে সিদ্ধান্ত নেবেন বলে জানান। এতে জাপা সদস্যরা বিক্ষুব্ধ হয়ে বৈঠক ত্যাগ করে চলে যান।
জাতীয় পার্টির সদস্য গোলাম হাবিব দুলাল সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে টিআর ও কাবিখা’র বরাদ্দের জন্য ডিও লেটার দিয়েছি। কিন্তু আমাদের সাথে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। সুবিচার পাওয়ার জন্যই এ বৈঠক হয়েছে। তবে এখানেও কোন সুরাহা হয়নি। এ অবস্থায় আমাদের সংসদে থাকা বা না থাকা একই কথা।
জাতীয় পার্টির সদস্যরা সংসদের বৈঠকে যোগ দেবেন কিনা এ প্রসঙ্গে তিনি কিছু বলতে অস্বীকার করেন।
খাদ্য উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, এটি একটি নিয়মিত বৈঠক ছিল। তারা তাদের দাবীর কথা আমাদের বলেছেন। আমরা সহযোগিতার আশ্বাস দিয়েছি।
