তত্বাবধায়ক সরকার: বিরোধী দল চায় সংস্কার, সরকারের না
মন্ত্রীসভার বৈঠকে সোমবার তত্বাবধায়ক সরকার আইন সংশোধনের বিষয়ে বিরোধী দলের দাবি নিয়ে আলোচনা হয়। তবে বৈঠকে এই দাবি সরাসরি প্রত্যাখান করা হয় বলে জানা যায়।
বিরোধী দলের মূল দাবি হচ্ছে, তত্বাবধায়ক সরকার আইনের প্রথম শর্ত হবে সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি হবেন এই সরকারের প্রধান।
বর্তমান আইন অনুযায়ী, সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন।
সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি তত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন, যদি সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং আইন অনুযায়ী অন্যরা দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন।
সূত্র জানায়, মন্ত্রীসভার বৈঠকে বলা হয়, তত্বাবধায়ক সরকার আইন পরিবর্তনের কোনো যৌক্তিকতা নেই। ১৯৯৬ সালে তত্বাবধায়ক সরকার আইন পাশ হওয়ার পর মোটামুটি শান্তিপূর্ণ ভাবে দু’টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিরোধী দলের দাবি নাকচ করে দেওয়া হলেও নির্বাচন কমিশন শক্তিশালী করার জন্য কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আসলে তা বিবেচনা করা হবে বলে অভিমত জানানো হয়।
একজন সিনিয়র মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিডিনিউজকে বলেন, ‘নির্বাচন কমিশন শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দল সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দিলে আমরা তা বিবেচনা করতে পারি। তবে তত্বাবধায়ক সরকার আইন সংশোধনের দাবির কোনো যৌক্তিকতা নেই।’
বিরোধী দল অবশ্য বলেছে, তারা জানে কিভাবে দাবি আদায় করতে হয়।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিডিনিউজকে বলেন, ‘আমরা কোনো কিছু ভিক্ষা চাইছি না। এটা সময়ের দাবি, জনগণের দাবি।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া একসময় বলেছিলেন, শিশু এবং পাগল ছাড়া আর কেউ নিরপেক্ষ হতে পারে না। কিন্তু তাকেও তত্বাবধায়ক সরকার দাবি মেনে নিতে হয়েছিল।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, তত্বাবধায়ক সরকার আইনের সংস্কার এখন সময়ের দাবি। আর এটা আওয়ামী লীগের একক কোনো দাবি নয়। সব দল ঐক্যবদ্ধভাবে এই দাবি করছে।
তিনি জানান, আওয়ামী লীগ অন্যান্য দলের সাথে বসে এই সংস্কারের একটি প্রস্তাবিত রূপরেখা প্রণয়ন করবে।
জানা যায়, আওয়ামী লীগের একটি বিশেষজ্ঞ দল ওই রূপরেখা প্রণয়েনের কাজ করছে।
