২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সাবেক প্রধানমন্ত্রী শাস্ত্রীর বাসভবন এখন স্মৃতি-জাদুঘর

ভারতের সাবেক প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী যে সরকারি ভবনটিতে বাস করতেন সেটিকে মেমোরিয়ালে রূপান্তরিত করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 04:05 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

শাস্ত্রীর ব্যক্তিগত সংগ্রহ, ব্যবহৃত আসবাবপত্র, একটি রেডিও এবং তৈজসপত্র- সবই প্রর্দশনের জন্য সাজিয়ে রাখা হয়েছে।

অত্যন্ত সাধারন জীবনযাপনকারী এ কংগ্রেস নেতার দিল্লীতে কোনও নিজস্ব বাসস্থান ছিল না। ১৯৫২ সালে রেলমন্ত্রী হিসেবে তিনি এ বাসাটি বরাদ্দ পান। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হলেও তিনি বাসাটি ত্যাগ করেননি।

১৯৬৬ সালের ১১ জানুয়ারি পাকিস্তানের সাথে তাসখন্দ শান্তিচুক্তি স্বাক্ষরের পর তার মৃত্যু ঘটলে তার পরিবার সরকারি বাসভবনটি ছেড়ে দেয়। কিন্ত ১৯৬৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শাস্ত্রীর স্ত্রী ললিতা শাস্ত্রীকে বাসাটি পুনরায় বরাদ্দ দেন। ১৯৯৩ সালে মৃত্যু পর্যন্ত তিনি এ ভবনেই ছিলেন।

মিউজিয়ামটি লালবাহাদুর শাস্ত্রী মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক পরিচালিত হবে। একটি অংশে তাসখন্দ চুক্তির সময় তার ব্যবহৃত কলম, শেভিং সামগ্রী, কাঁচি, টর্চ, টুপি, ট্রাউজার, জুতা এবং ওভারকোট শোভা পাচ্ছে। শাস্ত্রীর ব্যবহৃত সিলিং ফ্যান, বুকশেলফ, রুম হিটার, বিছানা, ডাইনিং টেবিল, আর্মচেয়ার, ছবি এবং পেইন্টিং সবই অক্ষত রয়েছে।

বড় ছেলে অনিল শাস্ত্রী বাবার সাদামাটা জীবনের বর্ণনা দিতে গিয়ে বলেন, “আমরা তিন ভাই ঘোড়ার গাড়ী (টঙ্গা) করে স্কুলে যেতাম। কিন্ত বাবা যখন প্রধানমন্ত্রী হন তখন আমরা ঘোড়ার গাড়ী করে যেতে খুবই বিব্রতবোধ করতাম। আমরাই বায়না ধরি একটি গাড়ী কেনার। হয়তো আমাদের সুখ কিংবা প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে বাবা তাতে রাজী হলেন। ১৯৬৪ মডেলের ১২০০০ রুপি মূল্যের ফিয়াট গাড়ীটি ক্রয় করতে ৫০০০ রুপি ঋন করেন তিনি।”

ফিয়াট গাড়ীটি এখন মেমোরিয়াল মিউজিয়ামের গ্যারেজে রয়েছে।