২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা-সন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়তে স্পেন যাচ্ছি: শেখ হাসিনা

বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে জোট সরকারের মদদে অব্যাহত গ্রেনেড ও বোমা হামলা, হত্যা-সন্ত্রাস, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলার উদ্দেশ্যে তিনি স্পেনে সন্ত্রাস বিরোধী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 12:03 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সোমবার সকালে স্পেনের উদ্দেশে ঢাকা ত্যাগের প্রাক্কালে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মাদ্রিদে অনুষ্ঠেয় এ সম্মেলনের আয়োজকরা আমার কাছে বাংলাদেশে সন্ত্রাস, মানবাধিকার লঙ্ঘন ও সরকারের অত্যাচার-নির্যাতনের বিষয়গুলো জানতে চেয়েছেন। আমি নিজেইতো জোট সরকারের সন্ত্রাসের ভিকটিম।

সাবেক সরকার ও রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণে স্পেনে ৮-১১ মার্চ অনুষ্ঠেয় গণতন্ত্র, সন্ত্রাসবাদ এবং নিরাপত্তা বিষয়ক উচ্চ পর্যায়ের এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৫২টি দেশের দুই শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। জাতিসংঘ মহাসচিব কফি আনান সম্মেলনে উপস্থিত থাকবেন।

শেখ হাসিনা বলেন, দেশে এখন প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। সরকারের হুকুমে তারা একের পর এক গ্রেনেড ও বোমা হামলা চালিয়ে মানুষ খুন করছে। আমি আন্তর্জাতিক অঙ্গনে এ বিষয়গুলো তুলে ধরবো।

তিনি বলেন, বিএনপি-জামাত জোট সরকারের দূর্ণীতি, সন্ত্রাস ও মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের জন্যে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। তারা গত তিন বছরে ৩৮ হাজার মানুষ হত্যা, লাখ লাখ মানুষকে পঙ্গু ও হাজার হাজার পরিবারকে নি:স্ব করেছে।

তিনি বলেন, সরকার র‌্যাব দিয়ে বিনা বিচারে মানুষ হত্যা করছে। অথচ সরকারের ভেতরে থাকা সন্ত্রাসীদের গডফাদারদের ধরা হচ্ছে না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার আমলে বিএনপি-জামাত আন্তর্জাতিক অঙ্গনে বদনাম করতো। কিন্তু এসব করে তারা আমাদের কিছু করতে পারেনি। কারণ আমরা দেশে সুশাসন নিশ্চিত করেছিলাম।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, দেশে সন্ত্রাস সৃষ্টি ও গ্রেনেড-বোমা হামলার মূল হোতা জামাত। তারেক জিয়া ও মতিউর রহমান নিজামীকে ধরলেই সকল অবৈধ অস্ত্র আমদানি, অস্ত্র ব্যবসা ও গ্রেনেড হামলার নেপথ্য তথ্য বেরিয়ে আসবে।

তিনি বলেন, ইসলামের জন্যে জামাত কাজ করে না। তারা রাষ্ট্র ক্ষমতা দখলের রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্যে পরিকল্পনা মাফিক কাজ চালিয়ে যাচ্ছে। দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চালাচ্ছে। প্রচুর সংখ্যক ট্রেনিং ক্যাম্প পরিচালনা করে তারা অস্ত্রের ট্রেনিং দিচ্ছে। ওদের পরিচালিত বহু হাসপাতাল রয়েছে, যেগুলোর ভেতরে অস্ত্রের ট্রেনিং দেয়া হয়।

বিরোধী দলীয় নেতা বলেন, কঙ্গোয় নিহত নয় বাঙালি সেনা সদস্যের প্রতি আমাকে শ্রদ্ধা জানাতে দেয়া হয়নি। তিনি বলেন, ওই ঘটনায় জাতীয় শোক ঘোষণা করা হলে আমরা তা পালন করেছি, জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছি। কিন্তু বিএনপি বীর শহীদদের প্রতি অবজ্ঞা প্রদর্শন ও অপমান করেছে।

রাষ্ট্র ঘোষিত শোক দিবসে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধানমন্ত্রীর পুত্র ও বিএনপি’র যুগ্ন মহাসচিব তারেক জিয়া জাতীয় পতাকা অর্ধনমিত না রেখে পূর্ণ উত্তোলন করলো কিভাবে - প্রশ্ন করেন শেখ হাসিনা। তিনি প্রশ্ন করেন - শোক দিবসে ওরা নাচ-গান, উৎসব, ভুরিভোজন করে কিভাবে?

শেখ হাসিনাকে বিদায় জানাতে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সুরঞ্জিত সেন গুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, মোহাম্মদ হানিফ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় ও মহানগর নেতারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্ ও সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে স্পেন গেছেন।