২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় স্কুল ছাত্র নির্যাতনের প্রতিবাদে শহরে ছাত্রদের মিছিল,স্মারকলিপি পেশ

কুষ্টিয়ায় এক স্কুল ছাত্রের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রায় তিনশ স্কুল ছাত্র সোমবার শহরে প্রতিবাদ মিছিল করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। কোমলমতি এ সব ছাত্র সমাজের বিবেকবান মানুষের কাছে তাদের অসহায়ত্বের কথা বলেছে খুব করুণ ভাবে, জানিয়েছে কচি কন্ঠে প্রতিবাদ, চেয়েছে বিচার।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 07:31 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

জানা যায়, কুষ্টিয়ার জনপ্রিয় পত্রিকার সম্পাদক মনজুর এহসান চৌধুরীর কিশোরপুত্র কুষ্টিয়া জেলা স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র ওয়াসিফ বারী লেখন(১২) গত ৪ মার্চ সন্ধ্যায় তার চাচা সনিকে নিয়ে স্থানীয় শিল্পকলা একাডেমী থেকে বাড়ি ফেরার পথে কতিপয় সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং বাঁশ-লাঠিসহ নানা রকম অস্ত্র দিয়ে বেদম প্রহার করে। পরে সেখানে অপেক্ষারত একটি সাদা মাইক্রোতে লেখনকে তুলে নেয়ার চেষ্টাকালে তার আর্ত চিৎকারে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সন্ত্রাসীদের এলোপাথারি আঘাতে কিশোর লেখনের ঘাড়ের একটি হাড় ফেটে যায় এবং হাত ও দেহের বিভিন্ন অংশে ফোলা ও ক্ষতের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর নির্দেশ দেন। এ ব্যাপারে কুষ্টিয়া সদর থানায় কয়েকজনকে আসামী করে একটি মামলা করা হয়েছে।