ঢাবিতে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্রজোটের ডাকে ধর্মঘট পালিত
বিরোধী দলীয় ছয়টি ছাত্র সংগঠনের আহ্বানে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মঘট পালিত হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ ও পাঁচটি বামপন্থি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্রজোট সরকারি কর্মচারী কমিশনের ২৫তম বিসিএস পরীক্ষার সাধরণ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিষয়ের পরীক্ষা বাতিল এবং ছাত্রলীগ নেতা আবু আব্বাস ভূঁইয়ার মুক্তির দাবিতে ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘটের ফলে বিশ্ববিদ্যালয়ে কোনও ক্লাস অনুষ্ঠিত হয়নি।
অন্যদিকে ধর্মঘট চলাকালে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রজোট ক্যাম্পাসে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে।
বাংলাদেশ ছাত্রলীগ ধর্মঘটের সমর্থনে ক্যম্পাসে মিছিল করে এবং মিছিল শেষে চারুকলার সামনে সমাবেশ করে। মিছিলে তারা বর্তমান বিএনপি-জামাত জোট সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিসিএস পরীক্ষার ঐতিহ্যকে ধ্বংস করে দিয়েছেন।
জাতীয়তাবাদী ছাত্রদল একই সময়ে ক্যাম্পাসে বিশাল মিছিল বের করে। মিছিলে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত ছাত্রদলের সমাবেশে বক্তারা দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন।
