২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজিৎ সাওয়ান্ত হলেন ইন্ডিয়ান আইডল

শতাধিক প্রতিদ্বন্দ্বীর দীর্ঘ সাত মাসের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ‘ইন্ডিয়ান আইডল’-এর শিরোপা জিতে নিয়েছেন মুম্বাইয়ের অভিজিৎ সাওয়ান্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 11:47 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন আমেরিকান আইডল সিরিজের নির্মাতাদের কাছ থেকে এই প্রতিযোগিতার স্বত্ত্ব কিনে নিয়ে একে এক জনপ্রিয় অনুষ্ঠানে পরিণত করেন।

ইন্টারনেট সূত্রে জানা যায়, শনিবার বিকেল তিনটায় দক্ষিণ মুম্বাইয়ের মহালক্ষ্মীর ফেমাস স্টুডিওতে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। ভারতীয় টেলিভিশনের ইতিহাসে সর্বকালের অন্যতম জনপ্রিয় এই প্রতিভা অনুসন্ধান প্রতিযোগিতা আর তার ফলাফলের প্রতি বাংলাদেশের দর্শকদের মাঝেও সমান আগ্রহ আর উৎকন্ঠা দেখা গেছে।

অভিজিতের বাংলাদেশী ভক্ত লুবনা নাসরিন যেমন প্রতিযোগিতা শেষ হওয়া মাত্রই বিডিনিউজ সংবাদ কক্ষে ফোন করেন। প্রিয় প্রতিযোগীর বিজয়ে উচ্ছ্বসিত হয়ে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি “ বাংলাদেশেও এমন অনেক প্রতিভা রয়েছে” বলে মন্তব্য করেন।

বেশ কয়েক বছর যাবত বাংলাদেশে বিশেষত: মহিলা দর্শকদের কাছে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান বিশেষ করে সিরিয়ালগুলো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।