গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে শেখ হাসিনা স্পেন যাচ্ছেন
সাবেক সরকার ও রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণে স্পেনে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ৭ মার্চ সোমবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্পেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
গণতন্ত্র, সন্ত্রাসবাদ এবং নিরাপত্তা বিষয়ক উচ্চ পর্যায়ের এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৫২টি দেশের দুইশ’রও বেশি প্রতিনিধি অংশ নেবেন। আন্তর্জাতিক এই সম্মেলনে জাতিসংঘ মহাসচিব কফি আনান উপস্থিত থাকবেন।
শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী এ সম্মেলনের ব্যাপারে বিডিনিউজকে বলেন, ‘ বিরোধী দলীয় নেত্রী যে সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন তা খুবই উচ্চ পর্যায়ের একটি সম্মেলন। নেত্রী এসময় মানবাধিকার বিষয়ক বৈঠকেও অংশ নেবেন।
সাবেক সরকার ও রাষ্ট্র প্রধানদের সমন্বয়ে গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে গঠিত দি ক্লাব অব মাদ্রিদ চারদিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে।
৮ থেকে ১১ মার্চ অনুষ্ঠেয় এই সম্মেলনে প্রথম দু’দিন ১৭টি ওয়ার্কিং গ্র“প গণতন্ত্র, সন্ত্রাসবাদ এবং নিরাপত্তা বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা করবেন।
মূল সম্মেলন অনুষ্ঠিত হবে ১০ মার্চ দি প্যালাসিও মিউনিনিপ্যাল দ্য কংগ্রিসোস পার্ক ফেরিয়্যাল হুয়ান কার্লোস ওয়ান প্যালেসে। এই সম্মেলনের লক্ষ্য সম্প্রতি মাদ্রিদে বোমা হামলাসহ বিশ্বের সকল সন্ত্রাসী ঘটনায় নিহতদের স্মরণ করা এবং একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে কিভাবে সন্ত্রাসবাদকে মোকাবেলা করা যায় সে ব্যাপারে একটি নতুন কর্ম পরিকল্পনা নির্ধারণ করা।
গত বছরের ১১ মার্চ মাদ্রিদে একটি কম্যুটার ট্রেনে ১০টি শক্তিশালী বোমা বিষ্ফোরণে ১৯০ জন নিহত ও প্রায় ২০০০ যাত্রী আহত হয়।
সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দ, নীতি নির্ধারক, নেতৃস্থানীয় বিশেষজ্ঞ, আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের প্রধান, প্রথিতযশা ব্যক্তিবর্গ, ব্যাবসায়ী, ধর্মীয় নেতৃবৃন্দ, শিল্পী ও সাংবাদিকদের উপস্থিতিতে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ পরিকল্পনা কিভাবে বাস্তবে রুপদান করা যায় তা নির্ধারণ করা হবে।
দি ক্লাব অব মাদ্রিদের সভাপতি ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি ফার্নান্দো হেনরিক কার্দোসো এবং মহাসচিব কানাডার সাবেক প্রধানমন্ত্রী কিম ক্যাম্পবেল উপস্থিত থাকবেন।
সোমবার সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পর শেখ হাসিনা স্পেনের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
মাদ্রিদ থেকে লণ্ডনে দুই এক দিন অবস্থান করে কানের চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্র যাবেন। ২২ অথবা ২৩ মার্চ দেশে ফেরার কথা থাকলেও সাবের হোসেন চৌধুরী বিডিনিউজকে জানান, চিকিৎসকের পরামর্শের উপর নির্ভর করছে তার দেশে ফেরার দিন তারিখ।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ এমপি এবং রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী শেখ হাসিনার সঙ্গে যাচ্ছেন।
