দুর্নীতির কারনে বাংলাদেশ মাদক নিয়ন্ত্রণ ব্যহত হচ্ছে : মার্কিন পররাষ্ট্র দপ্তর
দুর্নীতির কারনে বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ প্রচেষ্টা ব্যহত হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের মাদক দ্রব্য নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের প্রররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয় ।
এতে বলা হয়, বালাদেশে সমাজ ও সরকারের সকল স্তরেই দুর্নীতি একটি বড় সমস্যা। স্বয়ং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষই কখনো কখনো মাদক ব্যবসায় ও চোরচালানে সহায়তা করে থাকে।
যুক্তরাষ্ট্র প্রণীত বার্ষিক আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ কৌশল প্রতিবেদনে বলা হয়, বালাদেশে হেরোইন, ফেনসিডিল এবং প্যাথিডিনের মতো মাদকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।
প্রধান মাদক উৎপাদন ও রপ্তানিকারক দেশগুলোর সুবিধাজনক অবস্থানে থাকার কারণে চোরাকারবারিরা বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে। তবে বাংলাদেশে ভয়াবহ কোনও মাদক উৎপাদন হয় এ সংক্রান্ত তেমন কোনও জোরালো প্রমাণ পাওয়া যায় নি বলে প্রতিবেদনে বলা হয়।
যদিও রিপোর্টে বলা হয়েছে, বান্দরবানে ও মায়ানমারের সাথে সংযুক্ত সীমান্ত এলাকায় আফিম এবং দক্ষিনাঞ্চলীয় চর অঞ্চলে ক্যানাবিস (গাঁজা) উৎপাদিত হচ্ছে।
দুর্নীতির কারনে একজন কর্মকর্তা ধরা পড়লেও তার তেমন কোনও উল্লেখ যোগ্য শাস্তি হচ্ছে না। বিচার ব্যবস্থা কর্তৃপক্ষ এ ব্যাপারে খুব একটা দৃষ্টিও দিচ্ছে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনের ব্যাপারে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, মাদক দ্রব্য অপব্যবহার রোধ কল্পে ১৯৯০ সালে বাংলাদেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। কিন্তু কর্তৃপক্ষ বিভিন্ন সমস্যার কারনে এই চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হচ্ছে।
অফিসিয়াল সূত্র মতে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো অফিস ২০০৪ সালে সাড়ে পাঁচ কেজি হেরোইন, ২৬ হাজার বোতল ফেনসিডিল এবং চার হাজারের অধিক ইঞ্জেকশন উদ্ধার করেছে। এ সময় তারা ৯’শ ১৪ টি মামলা করেছে এবং এর সাথে জড়িত থাকায় ১ হাজার ৭৪ জনকে গ্রেপ্তার করেছে।
অধিদপ্তরের কর্মকর্তারা দাবি করেন, তাদের নিজস্ব লোকবল এবং অস্ত্র না থাকায় তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারছে না।
দুর্নীতির কথা স্বীকার করে ঢাকা মেট্রো অঞ্চলের উপ-পরিচালক আবদুল্লাহ আল বাকি বিডিনিউজকে বলেন, প্রমাণের অভাবে অসাধু কর্মকর্তাদের ধরা যাচ্ছে না। আমরা ওইসব অসাধু কর্মকর্তাদের সনাক্ত করতে চেষ্টা করছি।
যুক্তরাষ্ট্রের প্রররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশে কতজন মাদকাসক্ত রয়েছে সে ব্যাপারে কোনও তথ্য বা উপাত্ত নেই। কিন্তু বিভিন্ন সময়ে স্থানীয় পত্রিকায় প্রকাশিত রিপোর্টে দেখা যায় বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা ২০ লাখেরও বেশি। যারা মাদকের পিছনে বছরে একশ কোটি মার্কিন ডলারেরও বেশি খরচ করে।
