ইরাক ও কুয়েত ফেরতদের টাকায় কেনা জমিতে হাসপাতালের পরিবর্তে হাউজিং প্রকল্প
সরকার ১৯৯০ সালে যুদ্ধকালে ইরাক ও কুয়েত প্রত্যাগতদের টাকায় হাসপাতাল ও আইটি সেন্টার নির্মাণের লক্ষ্যে কেনা ৭ দশমিক ৫৮ একর জমিতে প্রবাসীদের জন্য হাউজিং প্রকল্প করতে যাচ্ছে।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘ইরাক-কুয়েত প্রত্যাগত বাংলাদেশী কল্যাণ সমিতি’র এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম-সম্পাদক আহমেদ উল্লাহ রতন। বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মিজানুল হক মিজান এবং সহ-সভাপতি নূর মোহাম্মদ সিদ্দিক।
এতে পৃথক জমি কিনে হাউজিং প্রকল্প বাস্তবায়ন এবং পূর্বে কেনা জমিতে নির্ধারিত অত্যাধুনিক কিডনি হাসপাতাল ও আইটি সেন্টার নির্মাণের দাবি জানানো হয়। অন্যথায় সমিতি ৭ দফা দাবিতে আন্দোলন গড়ে তোলাসহ আদালতের আশ্রয় নেবে বলে ঘোষণা দেওয়া হয়।
সমিতির সভাপতি আক্তার হোসেন জানান, ৭২ হাজার প্রত্যাগত বাংলাদেশীর ক্ষতিপূরণের টাকা ব্যাংকে রেখে ১৮ কোটি টাকা সুদ পাওয়া যায়। এ টাকাসহ সরকারী সহায়তায় ৬৫ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক কিডনি হাসপাতাল এবং আইটি সেন্টার স্থাপনের প্রকল্প নেওয়া হয়।
তিনি জানান, গৃহিত প্রকল্প বাস্তবায়নে সরকার প্রজ্ঞাপন জারি করে একটি কমিটি গঠন করে। ঢাকার কালাচাঁদপুরে ২৮ কোটি টাকায় ৭ দশমিক ৫৮ বিঘা জমি কেনা হয়। কল্যাণ তহবিল বাড়তি ১০ কোটি টাকার যোগান দেয়।
তিনি অভিযোগ করেন, কিন্তু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রকল্পটি বাতিল করে সেখানে প্রবাসীদের জন্য হাউজিং প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের কাজ এরইমধ্যে শুরু হয়েছে।
তিনি আরও জানান, মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ না নেওয়ায় ৫,০২৭ জন প্রত্যাগত এখনও দ্বিতীয় পর্বের ১,৫০০ মার্কিন ডলার করে ক্ষতিপূরণের টাকা পাননি। একই সাঙ্গে যুদ্ধবন্দি হিসেবে প্রত্যাগত ৪৪৪ জন এখনও পাননি জাতিসংঘ ঘোষিত ৪২,০০০ মার্কিন ডলার করে ক্ষতিপূরণের টাকা।
সংবাদ সম্মেলন থেকে হাউজিং প্রকল্প বাতিল করে পূর্বে গৃহিত প্রকল্প বাস্তবায়ন এবং প্রত্যাগতদের ক্ষতিপূরণের টাকা আদায়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করা হয়।
