২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ মার্চ ন্যাশনাল অ্যাসেম্বলি অনুষ্ঠানের ঘোষণা দেন ইয়াহিয়া খান

১৯৭১ সালের এই দিনে ইয়াহিয়া খান ২৫ মার্চ ন্যাশনাল অ্যাসেম্বলি অনুষ্ঠানের ঘোষণা দেন। রেডিও ও টেলিভিশনে প্রচারিত ভাষণে সামরিক জান্তা ২৫ মার্চকে ন্যাশনাল অ্যাসেম্বলির নতুন তারিখ হিসেবে ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 06:16 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

ইয়াহিয়া খানের সেদিনের রেডিও ভাষণ যারা শুনেছেন তারা তাদের স্মৃতি থেকে কখনও তা আলাদা করতে পারবেন না। তার বলার ভঙ্গি ও কণ্ঠস্বরে ফুটে উঠেছিল কঠোরতা। বাঙালি মূল্যবোধকে তিনি এতটুকু শ্রদ্ধা দিয়ে কথা বলেননি। এমনকি দ্বিতীয়বার আলোচনারও কোনও ইঙ্গিত দেননি। বরং তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে কঠোর ভাষায় নিন্দা করেন।

সশস্ত্র বাহিনীর বাঙালী সদস্যরা দিক নির্দেশনার জন্য ৩ মার্চ থেকে ২৪ মার্চের মধ্যে তিন দফা শেখ মুজিবুর রহমানের কাছে ছুটে যান। কেননা ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে সে সম্পর্কে তারা ভাবতে পারছিলেন না।

ইয়াহিয়া খানের দেয়া ন্যাশনাল অ্যাসেম্বলির নতুন তারিখ নিয়ে আলোচনার জন্য বঙ্গবন্ধু ওই দিন সন্ধ্যায় পার্টির সদস্যদের সাথে এক জরুরী বৈঠকে বসেন। এছাড়া স্বাধীনতা ঘোষণা করা হবে কিনা সে সম্পর্কেও আওয়ামী লীগ সদস্যদের সিদ্ধান্ত নিতে হয়েছিল। এজন্য তাদের ওপর প্রচণ্ড চাপ ছিল। স্বাধীনতা ঘোষণার জন্য একদিকে ছাত্র সংগঠনগুলোর চাপ, অন্যদিকে রাস্তায় বিক্ষোভ।

রাতভর আলোচনা করেও আওয়ামী লীগ কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। অবশেষে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।