২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনপিপি প্রকল্পে ইসলামী উন্নয়ন সংস্থা অর্থায়ন করতে সম্মত

কয়েকটি দাতাসংস্থার হস্তক্ষেপ এবং আপত্তির মুখে ঝুলে পড়া রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) প্রস্তাবিত ঢাকা নর্থ পাওয়ার প্লান্ট (ডিএনপিপি) প্রকল্পে ইসলামী উন্নয়ন সংস্থা (আইডিবি) অর্থায়ন করতে সম্মত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 05:42 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

ইকুইটি অংশীদার হিসেবে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার এই প্রকল্পে অর্থায়ন করবে কয়েকটি পল্লি বিদ্যুৎ সমিতি।

এই প্রকল্পে প্রাথমিকভাবে জার্মান দাতা সংস্থা কেএফডব্লু অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু পরে এই প্রকল্প নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং ইউএসএআইডির আপত্তির কারণে জটিলতা দেখা দেয়। কেএফডব্লু আরপিসিএল’র শম্ভুগঞ্জ প্রকল্পে অনিময়ের অভিযোগে ডিএনপিপিকে অর্থায়নে অপারগতা প্রকাশ করে।

এই প্রকল্পে আইডিবি ৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। অন্যদিকে কেএফডব্লুর বিনিয়োগ করার কথা ছিল ৩৫ মিলিয়ন ইউরো। আর প্রকল্প উদ্যোক্তা আরপিসিএল’র পক্ষে পল্লি বিদ্যুৎ সমিতিগুলো বিনিয়োগ করবে ৩০০ কোটি টাকা। 

সম্প্রতি এডিবি‘র একটি প্রতিনিধি দল বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে সাক্ষাৎ করে একটি ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অর্থায়নের জন্যে আগ্রহ প্রকাশ করে।

এডিবি ডিএনপিপি প্রকল্পে অর্থায়ন করছে কিনা এ নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিডিনিউজকে বলেন: ডিএনপিপিতে আইডিবি অর্থায়ন করবে।

অন্যদিকে, তিনি বলেন, এডিবি‘র প্রস্তাব সরকারের কাছে আছে। এটি নিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান দেশে ফেরার পর তার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

নব্বই এর দেশে পাবলিক সেক্টরের বাইরে প্রথম ময়মনসিংহে আইপিপি (ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার) হিসেবে একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়। এটি এডিবি‘র মডেলে নির্মাণ করে আরপিসিএল। বর্তমানে এর তৃতীয় ইউনিট নির্মাণের কাজ চলছে।

কিন্তু আরপিসিএল তাদের শুম্ভুগঞ্জ মডেল অনুসরণ করে পল্লি বিদ্যুৎ সমিতির অর্থায়নে ঢাকার পাশে কোনাবাড়িতে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিলে এতে জোর গলায় আপত্তি তুলে এডিবি। বলা হয়, বেসরকারি খাত এখন সফলভাবে আইপিপি করতে পারছে। নতুন করে আরপিসিএল’র আইপিপিতে বিনিয়োগে যাওয়ার দরকার নেই।

অন্যদিকে দেশে আরইবি মডেলের প্রবক্তা ইউএসএআইডিও ডিএনপিপি নির্মাণের বিরোধিতা করে। তারা সরকারকে জানিয়ে দেয় যে পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেশনে বিনিয়োগ করা ঠিক হবে না। বরং তারা বিতরণ খাতে অর্থ বিনিয়োগ করবে।

এই বিরোধের এক পর্যায়ে ডিএনপিপি‘র বাস্তবায়ন ঝুলে পড়ে। ইতোমধ্যে আরপিসিএল এই প্রকল্পের জন্যে কোনাবাড়িতে জায়গা কিনে তা উন্নয়ন কাজ শেষ করেছে। হালে আইডিবি এই প্রকল্পে অর্থায়ন করতে সম্মত হওয়ায় ডিএনপিপি আবারও নতুন প্রাণ পেলো।

এ প্রসঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ডিএনপিপি বাস্তবায়নে আর কোনো বাধা আমি দেখছি না। যথাসময়ে এর বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, বর্তমানে শম্ভুগঞ্জসহ সকল আইপিপি‘র কাছ থেকে পিডিবি বিদ্যুৎ কিনে তা সরকার নির্ধারিত দামে ডেসা এবং আরইবি‘র কাছে বিক্রি করে। কিন্তু ডিএনপিপি প্রকল্পের বিশেষত্ব হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার জন্যে চুক্তি (পিপিএ) হবে আরপিসিএল এর সাথে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি ১ এবং নরসিংদী পল্লি বিদ্যুৎ সমিতি ১ এর।