ডিসিসি ওয়ার্ড কমিশনারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
ঢাকা সিটি কর্পোরেশনের ৮৭ নম্বর ওয়ার্ড কমিশনার মোবারক হোসেন শ্যামপুর থানার স্থানীয় এক ব্যক্তির জমি জবরদখলসহ তাকে নিয়মিতভাবে হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ১৬০/২ পশ্চিম ধোলাইপাড় নিবাসী মোহাম্মদ আলী হোসেন এ অভিযোগ করেন। সম্মেলনে তিনি একটি লিখিত বক্তব্যও পড়ে শোনান।
অভিযোগে জানা যায়, মোবারক হোসেন সন্ত্রাসীদের একজন গডফাদার এবং তিনি কুখ্যাত সন্ত্রাসী শহীদ কমিশনার ও তনাই মোল্লার সহযোগী।
আলী হোসেন বলেন, “মোবারক হোসেন স্থানীয় সন্ত্রাসী আব্দুল হাই, টোকন, নুরুল ইসলাম, ফজলু মিয়া, জাহাঙ্গীর এবং বিপ্লবকে সঙ্গে নিয়ে চলতি বছরের ২১ ফেব্র“য়ারি শ্যামপুর থানাধীন আমার মীল হাজারীবাগ ৩০/২ নম্বর জমি দখল করে। এ সময়ে তারা আমার বাড়ি ভাঙচুর করে ও ভাড়াটেদের সম্পত্তিও লুট করে। ”
তিনি আরো বলেন,“কমিশনার মোবারক হোসেন জোর করে আমার কাছ থেকে অত্যন্ত অল্প দামে জমিটি কিনতে না পেরে তার সহযোগীদের নিয়ে জমিটি দখল করে নেয় এবং তখন থেকেই নিয়মিতভাবে আমার ও আমার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে।”
এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হলেও তার কোনও অগ্রগতি হয়নি।
