সরকারী ঘোষণা সত্বেও আশুলিয়া-সদরঘাট নৌপথ জনগণের জন্য খোলা হয়নি
সরকারী ঘোষণা সত্বেও আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত নতুন নৌপথ শুক্রবার জনগণের জন্য খুলে দেয়া হয়নি। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার রুটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি’র সূত্র জানায়, প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন না করেই তারা রুটটি উদ্বোধন করেছেন।
রুটটি ঠিক কবে সাধারণ জনগণের জন্য চালু করা যাবে, সে ব্যাপারে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি'র কারো পক্ষেই নিশ্চিত করে কিছু জানানো সম্ভব হয়নি।
বিআইডব্লিউটিএ পরিচালক সৈয়দ মনোয়ার হোসেন বিডিনিউজ-এর কাছে স্বীকার করেন, কিছু কিছু প্রক্রিয়া, যেমন কন্ট্রাক্ট প্রদান, টিকেটের মূল্য নির্ধারণ ইত্যাদি সম্পন্ন হয়নি বলেই সার্ভিসটি চালু করা সম্ভব হয়নি।
তিনি বলেন, এ রুটে দুটো বেসরকারী কোম্পানিকে লঞ্চ চলাচলের অনুমতি দেয়া হয়েছে তবে দুটো কোম্পানিই এখনো সার্ভিস শুরু করার প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি।
তিনি আরো জানান, রুটটিতে বিআইডব্লিউটিএ’র একটি জাহাজও চলবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টিকেটের মূল্য এখনো নির্ধারিত হয়নি। তবে সরকারি নীতি অনুযায়ী এটি প্রতি কিলোমিটারে ৭৫ পয়সা হারে ধার্য্য করা হবে।
ঠিক কবে রুটটি সাধারণ জনগণের জন্য চালু করা যাবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি বিআইডব্লিউটিএ পরিচালক।
এদিকে বিআইডব্লিউটিসি’র কর্মকর্তারা বলেন, ‘বিবিধ সমস্যা’র কারণে ওয়াটার ওয়ে সার্ভিস চালু করা সম্ভব হয়নি। কবে তা চালু হবে সে ব্যাপারেও তারা কিছু জানাতে পারেননি।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা, নৌ মন্ত্রী কর্ণেল (অবঃ) আকবর হোসেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বিআইডব্লিউটিএ’র একটি জাহাজে আশুলিয়া থেকে গাবতলী পর্যন্ত ভ্রমণ করেন।
কিন্তু এর পর আশুলিয়া ঘাটে অনেক মানুষ এ নৌপথে ভ্রমণের জন্য জড়ো হলেও তারা ব্যর্থ হয়ে ফেরেন।
তথ্য মতে, ছয় বছর আগে আওয়ামী লীগ সরকার আমলে প্রকল্পটি হাতে নেয়া হয়। গত বছর জুলাই মাসে প্রকল্প সম্পন্ন করার তারিখ নির্ধারিত ছিলো।
