২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

ঢাকা, রংপুর এবং সিরাজগঞ্জে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার তিন জন ব্যবসায়ীসহ আট জনের মৃত্যু হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাসস্ট্যান্ডের কাছে শুক্রবার দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন ব্যবসায়ী ঘটনাস্থলেই প্রাণ হারান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায় নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে প্রতিনিধিরা জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী মাছ ভর্তি একটি ট্রাক মহাসড়কের শিমুলতলী নামক স্থানে  রাস্তায় দাঁড়ানো অপর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই তিন ব্যবসায়ী নিহত হয়।

পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে ঢাকাÑরংপুর মহাসড়কে শুক্রবার সকালে এক দুর্ঘটনায় চারজন নিহত এবং দু’জন আহত হয়েছে। নিহতরা সকলেই রিকশা চালক।

নিহতরা হচ্ছেন, রাশেদুল (২৪), আবির (৩০), সৈয়দ আলী (৪০) এবং বানু (১৬)।

সড়ক দুর্ঘটনায় আহতরা হচ্ছেন,  মোতালেব (২০) এবং লাল মিয়া (২২)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, পীরগঞ্জ উপজেলার কলাবাগানে এসএ পরিবহনের একটি বেপরোয়া কাভার্ড ভ্যান সকাল সাড়ে ৭টার দিকে লোকদের চাপা দিলে ওই চারজন নিহত হয়। নিহতরা এ সময় রাস্তার এক পাশে দাঁড়িয়েছিল।

দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটির চালক পালিয়ে গেছে।

এছাড়া সিরাজগঞ্জ-হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে শুক্রবার এক ব্যক্তি নিহত হয়েছে। এঘটনায় বিক্ষুদ্ধ জনতা একটি মোটর সাইকেল এবং ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশের সাথে জনতার সংঘর্ষে মহাসড়কে প্রায় ৪/৫ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

জানা যায়, সকাল সাড়ে ১০টায় রংপুরগামী একটি পিকনিকের বাস (ঢাকা মেট্রো-ব-১১-০৯৫২) মহাসড়কের কাঠিকাটা নামক স্থানে চিকিৎসক মাহবুবুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনায় এলাকায়০দেখা দেয় তুমুল উত্তেজনা। পরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।