চট্টগ্রামে ফাইবার অপটিক জটিলতা, চরম ভোগান্তি
সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্বহীনতার কারনে চট্টগ্রামে বার বার কাটা পড়ছে টিএন্ডটি’র ফাইবার অপটিক। এখানে ফাইবার অপটিক্যাল প্রকল্পের কোনও কর্মকান্ড না থাকায় অশেষ ভোগান্তি পোহাতে হচ্ছে টিএন্ডটি এবং এর গ্রাহকদের।
টিএন্ডটি সূত্র জানায়, গত দুই বছরে মোট ২২বার কাটা পড়েছে ঢাকা-চট্টগ্রাম লাইনের ফাইবার অপটিক। সর্বশেষ গত শুক্রবার (২৫ফেব্র“য়ারি) ও রোববার ফাইবার অপটিক কাটা পড়ায় ঢাকাসহ বহির্বিশ্বের সঙ্গে চট্টগ্রামের টেলিযোগাযোগ ছিন্ন হয়ে যায়।
গত দুই বছর ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্প্রসারনের কাজ চলছে। এ কাজ চালাতে গিয়ে ফাইবার অপটিকের মত অত্যন্ত স্পর্শকাতর ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়কে অবহেলা করা হচ্ছে।
বারবার ফাইবার অপটিক বিচ্ছিন্ন হলেও চট্টগ্রামে তা মেরামতের কোনও ব্যাবস্থা নেই। ঢাকা থেকে টিএন্ডটির প্রকৌশলীরা যন্ত্রপাতিসহ এসে মেরামত করে থাকে।
টিএন্ডটির চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী গিয়াসউদ্দিন আহমদ বিডিনিউজকে বলেন, স্থানীয়ভাবে ফাইবার অপটিক্যাল প্রকল্পের কোনও কর্মকান্ড না থাকায় টিএন্ডটির যেমন ভোগান্তি হচ্ছে , তেমনি চরম বেকায়দায় পড়েছে এর গ্রাহকরাও।
নন্দন কাননস্থ টিএন্ডটি ভবনের দোতলায় ফাইবার অপটিক্যাল প্রকল্পের আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হলেও গত দুই মাসেও সেখানে কাজ শুরু হয়নি।
টিএন্ডটির প্রকৌশল বিভাগ জানায়, মহাসড়কের যেসব এলাকায় উন্নয়ন কাজ চলে, সে সব জায়গায় ফাইবার অপটিক্যাল প্রকল্পের সার্ভিল্যান্স টীম খুবই জরুরি।
