২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিধ সমস্যায় চারুকলা গ্রন্থাগার অব্যবহার্য্য ও অকার্যকর

বই ও পাঠসামগ্রীর অভাব এবং অব্যবস্থাপনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রতিষ্ঠান গ্রন্থাগারকে অকার্যকর ও ব্যবহার অযোগ্য করে তুলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

আর্ট গ্যালারিতে অবস্থিত ৮,৩৭৬টি বই সম্বলিত গ্রন্থাগারটিতে ছাত্রদের বসে পড়ার পর্যাপ্ত স্থান নেই।

এমনকি প্রতিবছর ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার পূর্বে বই জমা দিয়ে লাইব্রেরি কার্ড ফেরত নিতে প্রশাসনিক ঝামেলায় পড়তে হয়।

ছাপচিত্র বিভাগের চতুর্থ বর্ষের একজন ছাত্র বলেন, “ফরম পূরণের সময় ছাত্র-ছাত্রীদের লাইব্রেরি কার্ড জমা দিতে হয় এবং তা ফেরত পেতে মাসের পর মাস কেটে যায়, বই তোলা যায় না।”

সহকারী গ্রন্থাগারিক মো: কায়সার আহমেদ বলেন, মারাতœক সেসন জটের কারণে লাইব্রেরি কার্ড ইস্যু করতে কয়েক মাস লেগে যায়।

গ্রন্থাগারটি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। ছাত্র-ছাত্রীরা দুপুর ২টা পর্যন্ত ক্লাসেই থাকে। তারপর দুপুরের খাবার খেয়ে যখন গ্রন্থাগারে যায় তখন তা বন্ধ করার সময়।

প্রতিষ্ঠানের পরিচালক ড. মোঃ আব্দুস সাত্তার বলেন, ‘লাইব্রেরিটি চালানোর জন্য আমাদের লাইব্রেরিয়ান মাত্র একজন। এজন্য বিকেল ৪টার পর লাইব্রেরিটি খোলা রাখা মুশকিল।’ তিনি অবশ্য নতুন একজন গ্রন্থাগারিক নিয়োগ প্রক্রিয়াধীন থাকার কথা জানান।

সহকারী গ্রন্থাগারিক বলেন,  ভারতীয় এবং মার্কিন দুতাবাস থেকে বিনে পয়সায় পাওয়া ‘ভারত বিচিত্রা’, ‘মার্গ’  এবং ‘আর্ট ইন অ্যামেরিকা’- এই তিনটি ছাড়া  গ্রন্থাগারটি  অন্য কোন জার্ণালের গ্রাহক নয়।

প্রতিষ্ঠানটির পরিচালক বলেন, ‘দামি হওয়ায় আমরা কোন মানসন্মত জার্নাল রাখি না, কারণ বই ও জার্ণালের বার্ষিক বাজেট মাত্র আট হাজার টাকা।’

বইয়ের সংগ্রহ অপ্রতুল এবং বেশিরভাগই পুরানো ও সময়োপযোগী নয়। গ্রন্থাগারিক বলেন, ‘ছাত্র-ছাত্রীদের নতুন বই দরকার, কিন্তু আমাদের কেনার সামর্থ্য নেই।’

এতসব সত্ত্বেও গ্রন্থাগার ও শিক্ষক লাউঞ্জের নতুন ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।