২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি নিয়ে ভারতের আগ্রাসনি তৎপরতার বিরুদ্ধে ফারাক্কা কমিটির লংমার্চ

দেশের বিভিন্ন স্তরের প্রায় দুই হাজার মানুষ ভারতের নদী সংযোগ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার রাজধানী থেকে সীমান্তবর্তী কুড়িগ্রামের চিলমারির উদ্দেশ্যে লংমার্চ শুরু করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 06:58 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

আন্তজাতিক ফারাক্কা কমিটি আয়োজিত এ লংমার্চের উদ্দেশ্য হচ্ছে প্রতিবেশী দেশগুলোর প্রতি ভারতের বড়ভাই সুলভ আচরনের বিরুদ্ধে এরং পানির ন্যায্য হিস্যা আদায়ের প্রতি জনসচেতনতা ও জনমত গড়ে তোলা।

কমিটির চেয়ারপার্সন আতিকুর রহমান ইউসুফ জাই বিডিনিউজকে বলেন, যৌথ নদীতে বাঁধ নির্মাণ করে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করতে ভারত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ১৯৭০ এর দশকের প্রথম দিকে তৈরি ফারাক্কা বাঁধ বাংলাদেশের পদ্মা অববাহিকার ব্যাপক ক্ষতি সাধন করেছে।”

তিনি বলেন, “এতে কেবল কৃষি উৎপাদনই ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন যাকে ইউনেস্কো ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ বলে আখ্যায়িত করেছে তাও মারাত্মকভাবে ধংসপ্রাপ্ত হয়েছে এই ফারাক্কার কারনে।

কমিটির মহাসচিব সৈয়দ টিপু সুলতান বলেন, ভারতের বর্তমান নদী সংযোগ প্রকল্প বাংলাদেশের জন্য আরো ধংসাত্মক হবে।”

তিনি বলেন, আমরা আমাদের প্রিয় দেশটিকে মরুভূমিতে পরিনত হতে দিতে পারিনা।”

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চ কর্মসূচি শুরু হয়। ঢাকার বাইরে এলেঙ্গা ও টাঙ্গাইল এলাকা থেকে আরো লোক এ যাত্রায় যোগ দেবে বলে আয়োজকরা আশা করছেন।

কুড়িগ্রামে পৌঁছে তারা রাত কাটাবেন এবং শুক্রবার সকালে চিলমারির উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

কমিটির পক্ষ থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত পানিবন্টন চুক্তি বাস্তবায়নের দাবি জানানো হয়।

এছাড়াও ‘মেকং রিভার কমিশন’ এর মতো বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চিনের মধ্যে উপমহাদেশের যৌথ নদীসমুহের পানি ব্যবস্থাপনার জন্য একটি পৃথক পরিষদ গঠনেরও দাবি জানান তারা।