অপরিকল্পিত উন্নয়নে বিনষ্ট হবে হাওরের পরিবেশ
পরিবেশ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় অপরিকল্পিত উন্নয়নের ফলে তা পরিবেশের জন্যে হুমকি হয়ে দেখা দিয়েছে। তাই প্রকৃতি রক্ষায় তারা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তারা আগামী মার্চে ঢাকায় হাওর রক্ষায় প্রথম জাতীয় সম্মেলন আয়োজনের ঘোষণা দেন।
পরিবেশবাদীরা বলেন, হাওর অঞ্চলে পরিবেশের অবনতির ফলে এ অঞ্চলের বি¯তৃত জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও এতে শস্য আবাদের ক্ষেত্রে প্রভাব পড়বে এবং জলাশয়ের বিপুল সম্পদের ধ্বংস ডেকে আনবে বলে তারা মত প্রকাশ করেন।
পরিবেশ বাঁচাও আন্দোলন কর্মসূচির উপ কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলিকুজ্জামান বলেন, হাওর অঞ্চলের অপরিকল্পিত উন্নয়ন পরিবেশের জন্যে একটি বড় হুমকি।
মৎস্য বিশেষজ্ঞ এসএম ফরিদ বলেন, সেচের উদ্দেশ্যে হাওরগুলোতে বহু স্লুইস গেট নির্মাণ করা হয়েছে। কিন্তু সেগুলো নির্দিষ্ট স্থানে নির্মাণ করা হয়নি এবং তা বৈজ্ঞানিক উপায়ে পরিচালনা করা হচ্ছে না। সে কারণে পুরো পরিবেশের জন্যে এটি হুমকিরূপে আবির্ভূত হতে পারে।
প্রস্তাবিত জাতীয় সম্মেলনের মিডিয়া উপ কমিটির সদস্য সচিব কুদ্দুস আফরাদ বলেন, টাঙ্গুয়া হাওরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করায় হাওর এলাকার পরিবেশের ব্যাপারে সচেতন হওয়া সকলের দায়িত্ব।
পানি বিশেষজ্ঞ মাসরুর হক সিদ্দিকী বীর উত্তম সতর্ক করে দিয়ে বলেন, শস্য আবাদের জন্যে ক্রমাগত হাওর ভরাট করায় বর্ষকালে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এমনকি রাজধানী ঢাকায়ও এর প্রভাব পড়তে পারে। সেচ সংকটের কারণে শুকনো মৌসুমে চাষাবাদের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আবু নাসের খান, ড. একেএম আমিনুল হক, মোস্তফা জব্বার, গোলাম মর্তুজা প্রমুখ বক্তব্য রাখেন।
