জেএমবি’র বিরুদ্ধে প্রথম রাষ্ট্রদ্রোহ মামলা আদালতে গৃহীত
জেএমবি’র আট সদস্যের বিরুদ্ধে দাখিল করা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগটি আদালতে গৃহীত হয়েছে। ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাহাবুব আলম বুধবার রাষ্ট্রদ্রোহিতার এ অভিযোগ গ্রহণ করেন।
পত্রিকায় প্রকাশিত সংবাদের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা গ্রহণের অনুমতি দিলে এ সংক্রান্ত মামলা আদালতে গৃহীত হয়।
জেএমবি’র কোনও শীর্ষ নেতাকে এ মামলায় অভিযুক্ত করা হয়নি। অভিযুক্তদের মধ্যে সাতজন পলাতক এবং একজন জেল হাজতে রয়েছে।
পলাতক আসামিরা আত্মসমর্পণ না করলে ২২ জানুয়ারি দৈনিক পত্রিকায় তাদের মালামাল ক্রোকের নোটিস দেওয়া হবে বলে আদালত জানায়।
অভিযুক্তরা হচ্ছে, ধামরাই পৌর এলাকার কায়েত পাড়ার লোকমান হোসেনের পুত্র আবদুল ওয়াহাব, কাকরান গ্রামের বেলায়েত হোসেনের ছেলে রফিকুল ইসলাম সেন্টু, কাকরান নয়াপাড়ার আবদুস সামাদের ছেলে ফারুক হোসেন ওরফে কসাই ফারুক, কাকরান রূপনগরের লালু মিয়ার ছেলে আনোয়ার হোসেন, তেঁতুলিয়ার আইয়ুব আলীর ছেলে নুরুল ইসলাম, ইকুরিয়ার মমতাজ উদ্দিনের ছেলে ইয়াকুব আলী এবং ধামরাই সদর ইউনিয়নের আবদুস সালাম ও ওয়াহিদুজ্জামান পিন্টু ওরফে নান্টু।
এদের মধ্যে রফিকুল ছাড়া বাকি সবাই পলাতক রয়েছে। রফিকুলকে ৩ ডিসেম্বর ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়।
পুলিশ চলতি বছর ২০ ফেব্র“য়ারি ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা জোড়া ব্রিজের কাছ থেকে বোমা তৈরির লিখিত ফর্মূলা, জেহাদি বই, কালো মুখোশ, নকল চুল-দাড়ি ও জঙ্গি সরঞ্জামসহ রফিকুল ইসলাম, ফারুক হোসেন ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। এসময় ওয়াহিদুজ্জামান নান্টু ও সালাম পালিয়ে যায়।
পরে রিমান্ডে আটককৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে ধামরাই থানা পুলিশ তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে। কিন্তু অনুমতি না পাওয়ায় তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা করা হয়। ফলে সকল জঙ্গি ১২ দিন পর জামিনে মুক্তি পায়।
পত্রিকায় এ সম্পর্কিত একটি সংবাদ প্রকাশের পর ১১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে রাষ্ট্রোদ্রোহিতার মামলা দায়েরের অনুমতি দেয়। এর মধ্যে রফিকুলকে পুনরায় আটক করা হয়।
