২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মুক্তিযোদ্ধাদের তালিকা করেছে বিতর্কিত মুক্তিযোদ্ধারা, মন্ত্রণলায় থেকে ফেরত

বরিশাল অঞ্চলের মুক্তিযোদ্ধাদের একটি তালিকা গ্রহণ না করে ফেরত পাঠিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বিতর্কিত মুক্তিযোদ্ধাদের দিয়ে তৈরি এ তালিকার অধিকাংশ ব্যক্তিই প্রকৃত মুক্তিযোদ্ধা নয় এ অভিযোগে মন্ত্রণালয় তা ফেরত পাঠায়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 06:59 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

তালিকা ফেরত নিয়ে বুধবার বরিশাল সার্কিট হাউজে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির এক সভায় মুক্তিযোদ্ধা সদস্য এবং জেলা প্রশাসন পরস্পর পরস্পরকে দোষারোপ করেছেন।

সূত্র জানায়, নতুন করে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির জন্যে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতিক্রমে বরিশালে তালিকা তৈরির একটি কমিটি গঠনের নির্দেশ দেয়।

নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসককে সভাপতি এবং অতিরিক্ত জেলা প্রশাসককে সদস্য সচিব করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্তর্ভূক্ত দু’জন মুক্তিযোদ্ধা সদস্য হলেন, সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এমপি এবং মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মুঈদ খান খোকন।

এ ঘটনায় অনেক মুক্তিযোদ্ধাই মুক্তিযুদ্ধের সময় মজিবর রহমান সরোয়ারের বয়স এবং তার মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় সরোয়ারের বয়স ১০/১১ এর বেশি ছিলো না। সে কোনও যুদ্ধ করেনি বলে তারা অভিযোগ করেন। তবে তারা প্রকাশ্যে মেয়রের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ।

এছাড়া মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মুঈদ খান খোকনের বিরুদ্ধেও বিতর্কিত মুক্তিযোদ্ধা ও বিএলএস’র মালামাল চুরির অভিযোগ রয়েছে।

এদিকে সিটি মেয়র সরোয়ার নিজেকে বরিশালের কনিষ্ঠ মুক্তিযোদ্ধা বলে দাবি করেন। একই সাথে তিনি বিতর্কিত মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্যে জেলা প্রশাসককে দোষারোপ করেছেন।

তবে জেলা প্রশাসক শওকত নবী বলেন, নতুন তালিকা তৈরির ক্ষেত্রে তার কোনও হস্তক্ষেপ ছিলো না।

প্রসঙ্গত, বরিশাল জেলা থেকে ১৫৮ জন মুক্তিযোদ্ধার একটি তালিকা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিলো। তালিকায় অধিকাংশ ব্যক্তিই মু্িক্তযোদ্ধা নয় এ অভিযোগে মন্ত্রণালয় সম্প্রতি ওই তালিকা জেলায় ফেরত পাঠিয়েছে।