২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ সরকার পরীক্ষা করছে

দেশব্যাপী বোমা হামলা চালানোর দায়ে অভিযুক্ত জঙ্গিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে কি না সরকার তা পরীক্ষা করে দেখছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ মঙ্গলবার এ কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 07:58 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

মওদুদ আহমদ বলেন, বোমা হামলার ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে বিস্ফোরক দ্রব্য আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আটটি মামলা ইতোমধ্যে দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন সন্ত্রাস বিরোধী আইনের খসড়া ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং আশা করা হচ্ছে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে এ সংক্রান্ত বিল পাশ হবে।

তিনি আরও বলেন, নতুন আইনে শুধু সন্ত্রাসীদের বিরুদ্ধেই নয়, যারা তাদের অর্থ, প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরও উপস্থিত ছিলেন।

জেএমবি’র আক্রমণের লক্ষবস্তুতে পরিণত হওয়া বিচারক ও আদালতের নিরাপত্তার বিষয়ে মওদুদ আহমদ সাংবাদিকদের জানান, বিশ্বব্যাংকের সহায়তায় এ ব্যাপারে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পদক্ষেপ গ্রহণের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

স্বল্প মেয়াদী পরিকল্পনার মধ্যে জজকোর্টে সিসিটিভি স্থাপন ও মেটাল ডিটেক্টরের বিষয়টি রয়েছে। একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে সুপ্রিম কোর্ট এবং ঢাকার বাংলাদেশ বিচার প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রেও।

নিরাপত্তা পদক্ষেপের বিষয়টি বিশ্লেষণ করে তিনি বলেন, জেলা জজকোর্ট ঘিরে সেন্ট্রি বক্সসহ উঁচু দেওয়াল নির্মাণ করা হবে।

দীর্ঘ মেয়াদী পরিকল্পনারর আওতায় দেশের ৫৬ টি জেলা হেড কোয়ার্টারে বিচারকদের জন্য আবাসিক ভবন নির্মাণ ও ৩৪ টি জেলায় নতুন আদালত ভবন নির্মাণ করা হবে বলেও তিনি জানান।

তিনি সাংবাদিকদের জানান, ১৫৫ জন বিচারককে গানম্যান দেওয়া হয়েছে। তাদের ৭৯ জন সুপ্রিম কোর্ট এবং ৭৬ জন জেলা আদালতের বিচারক।

অন্যান জেলা জজদেরও আদালতে আসা-যাওয়ার ক্ষেত্রে পুলিশসহ পরিবহন সুবিধা দেওয়া হয়েছে।

এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আদালতের ৪২ জন বিচারককে গাড়ি বরাদ্দের ব্যাপারে একটি প্রস্তাব সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।