২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে শিশু অপুষ্টির হার বিশ্বে সর্বোচ্চ

গত দশকে বেশ কিছু অগ্রগতি অর্জন সত্ত্বেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশী শিশুদের অপুষ্টির হার সর্বোচ্চ। এক সমীক্ষার ভিত্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 06:42 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র--বাংলাদেশ এর (আইসিডিডিআরবি) স্বাস্থ্য ও জনসংখ্যা গবেষণা কেন্দ্রের ড. তাহমীদ আহমেদ এক সেমিনারে বলেন, বিশ্বে এখনও বাংলাদেশী শিশুদের মধ্যে অপুষ্টির হার সর্বোচ্চ।

ঢাকার আইসিডিডিআরবি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে ‘বেইসলাইন সার্ভে অব ন্যাশনাল নিউট্রিশন প্রোগ্রাম’র ফলাফলে প্রাপ্ত তথ্য উল্লেখ করে তিনি একথা বলেন।

আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আবদুস সালামের সভাপতিত্বে সেমিনারে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আবু মো. মনিরুজ্জামান খান বক্তব্য রাখেন।

জাতীয় পুষ্টি কার্যক্রমের আওতাধীন ৪৪টি উপজেলা, বাংলাদেশ সমন্বিত পুষ্টি প্রকল্পের ৫৩টি এলাকা এবং তুলনামূলক বিশ্লেষণের জন্যে নির্বাচিত ১৬টি উপজেলার ২৭ হাজার ব্যক্তির মধ্যে বেইসলাইন একটি জরিপ পরিচালনা করে।

শিশুদের অপুষ্টির হার উদ্বেগজনক বলে উল্লেখ করে স্বাস্থ্য সচিব বলেন, এখন যেসব এলাকায় সচেতনতা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে তার চেয়ে অনেক বেশি এলাকায় এটি সম্প্রসারণ করতে হবে। কিন্তু সম্পদের সীমাবদ্ধতা এক্ষেত্রে প্রধান সমস্যা বলে তিনি উল্লেখ করেন।

তাহমীদ আহমেদ বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার ক্ষেত্রে অপুষ্টির হার ইথিওপিয়া, সুদান ও সোমালিয়ার মতো সাব-সাহারান আফ্রিকার দেশসমূহের চেয়েও বেশি।

তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে বাংলাদেশ সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় পুষ্টি কার্যক্রম ও বাংলাদেশ সমন্বিত পুষ্টি প্রকল্পের আওতাধীন এলাকায় পরিচালিত জরিপে দেখা যায়, নবজন্ম শিশুদের মায়েরা অতিরিক্ত খাদ্য, আয়রণ ট্যাবলেট, জন্ম নিয়ন্ত্রক বড়ি এবং ভিটামিন-এ গ্রহণ করে থাকে।   

সমীক্ষায় বলা হয়, গত ১০ বছরে শিশুদের অপুষ্টি নিরসনে বেশ কিছু অগ্রগতি সাধিত হয়েছে। কিন্তু ২০০৪ সালেও বয়সের তুলনায় কম ওজনের পাঁচ বছরের নিচের শিশুদের হার ছিলো ৪০ শতাংশের ওপরে।

এছাড়া ওই বছর বয়সের তুলনায় বৃদ্ধি কম এমন পাঁচ বছরের নিচের শিশুদের হারও ছিলো ৪০ শতাংশ।

সমীক্ষায় আরও বলা হয়, বাংলাদেশ সমন্বিত পুষ্টি প্রকল্পের আওতাধীন এলাকায় কম ওজন নিয়ে জন্মগ্রহণ করা শিশুর হার ১৭ শতাংশ, তবে  জাতীয় পুষ্টি কার্যক্রমের আওতাধীন এলাকায় এ হার ২৬ শতাংশ। এছাড়া বাংলাদেশ সমন্বিত পুষ্টি প্রকল্পের আওতাধীন এলাকায় রক্ত স্বল্পতার হার শিশুদের মধ্যে ৪৯ শতাংশ, নারীদের ২৫ শতাংশ এবং গর্ভবতী নারীদের ৪৫ শতাংশ।

এছাড়াও বাংলাদেশ সমন্বিত পুষ্টি প্রকল্পের আওতাধীন এলাকায় ৩৭ শতাংশ কিশোরী আয়োডিনের অভাবে ভুগছে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়।

বিশ্বব্যাংক ও কানাডিয়ান উন্নয়ন সহযোগিতা সংস্থা সিডার সহায়তায় সরকার ২০০৪ সালের মার্চে জাতীয় পুষ্টি কার্যক্রমের অংশ হিসেবে এ জরিপ পরিচালনা করে।