নদী বাঁচাও দাবিতে খুলনায় মানববন্ধন
খুলনায় নদী ভাঙ্গন রোধে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ময়ূর বাঁচাও, রূপসা বাঁচাও ও নদী বাঁচাও দাবিতে মানববন্ধবন কর্মসূচি পালিত হয়েছে।
নগরীর পিকচার প্যালেস মোড়ে বেসরকারি সংগঠন জন-এর উদ্যেগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাগরিক নেতা অ্যাডভোকেট ড. ফিরোজ আহমেদ। এ সময় বক্তারা বলেন, ফারাক্কার অভিশাপে দক্ষিণাঞ্চলের নদীগুলো মৃতপ্রায়। তদুপরি চলছে ৩৭টি নদী বন্ধ করে ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প চালুর অপচেষ্টা। তারা আরও বলেন, খুলনা মহানগরীর সন্নিকটে গল্লামারী ময়ূর নদী অবৈধ স্থাপনা, বর্জ্য নিক্ষেপ, কসাইখানা ও ট্যানারির কারণে পরিবেশ ও নদী দূষিত হচ্ছে। রূপসা নদী সেতুর কারণে পলিপাড় নির্জীব হয়ে যাবে বলে তারা আশংকা প্রকাশ করেন।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ-জামান, অ্যাডভোকেট. সম হানিফ জালু, মোহাম্মদ কায়কোবাদ, মহেন্দ্রনাথ সেন প্রমুখ।
