ভোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৫টি দোকান পুড়ে ছাই
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট শুটকি পল্লীতে সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের ফলে কমপক্ষে আড়াই কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, ভোলা শহর থেকে থেকে এক’শ কিলোমিটার দূরে চরফ্যাশন উপজেলার শুটকি পল্লীতে সোমবার গভীর রাতে শুটকি মাছের স্তুপে কেরোসিনের বাতি থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের ফলে শুটকির দোকানের পাশাপশি স্বর্ণের দোকান, লেপ তোষকের দোকানসহ ২৫টি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে চরফ্যাশন থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় এলাকাবাসী কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এনসি দাস সোমবার দুপুরে ওই এলাকা পরিদর্শন করেন।
