২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৪৫

সাভারে দু’টি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 03:52 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

স্থানীয় সূত্র জানায়, সাভারের আশুলিয়ায় মঙ্গলবার ভোরে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং ২৫ জন আহত হয়।

নিহতদের মধ্যে তিনজন মাছ ব্যবসায়ী ও অপরজন ট্রাকচালক।

নিহতরা হল, সুভাস রাজবংশী (২৫), কানাই রাজবংশী (২৬), মনোরঞ্জন রাজবংশী (৩২) এবং ট্রাকচালক লোকমান হোসেন।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুব ভোরে আশুলিয়ার কালিয়াকৈর--নবীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, সাভার পৌর এলাকার ভাগলপুর পানপাড়া এলাকা থেকে কয়েকজন মাছ ব্যবসায়ী ট্রাকটিতে মাছ নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিল। জিরানি বাসস্ট্যান্ডের কাছে ওই বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন মাছ ব্যবসায়ী এবং ট্রাকচালক নিহত হয়।

আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিরঞ্জন রাজবংশীকে ঢাকায় পাঠানো হয়। নয়ন রাজবংশী নামে আরেকজনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ বাসটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।

অন্যদিকে সাভারের বিপিএটিসির সামনে সোমবার রাতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে একজন নিহত এবং ২০ জন আহত হয়।

পুলিশ জানায়, আরিচাগামী বাসটি রাত ৯টায় খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৪০ বছর বয়েসী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়।

আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।