২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বাংলাভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী জামাত কর্মী অধ্যাপক লুৎফর গ্রেপ্তার

বাংলাভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী ও জামাতে ইসলামীর কর্মী অধ্যাপক লুৎফর রহমানকে সোমবার বাগমারা থানা এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 07:17 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

পুলিশ সূত্র জানায়, আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যাপক লুৎফর রহমানের বাড়ি বাগমারার মাঝগ্রামে। সোমবার বিকেলে সিকদারি বাজার এলাকায় এলে পুলিশ সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত কোন মামলায় তাকে আটক দেখানো হয়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, অধ্যাপক লুৎফর রহমান নব্বই দশক পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তারপর থেকে তিনি জামাতের রাজনীতির সঙ্গে সক্রিয়। স্থানীয় পর্যায়ে জামাতের কোনো কমিটির পদে না থাকলেও তিনি এলাকায় জামাতে ইসলামীর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রগুলো আরও জানায়, ২০০৪ সালের পহেলা এপ্রিল বাংলাভাইয়ের কার্যক্রম শুরু হওয়ার পর তিনি তার সার্বক্ষণিক সঙ্গি হয়। তিনি জেএমবির বিভিন্ন শালিসের অন্যতম বিচারক ছিলেন। বাংলাভাই বাগমারা এলাকা ত্যাগ করার পরও অধ্যাপক লুৎফর রহমান প্রকাশ্যে জেএমবির কর্মকাণ্ড চালিয়ে গেছেন। অভিযোগ রয়েছে, চারদলীয় জোট নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে পুলিশ তাকে আটক করেনি।

বাগমারা এলাকায় বাংলাভাইয়ের আগমণের পর প্রথম যে প্রকাশ্য জনসভাটি হয়েছিলো সেখানেও অন্যতম বক্তা ছিলেন অধ্যাপক লুৎফর রহমান। বাংলাভাইয়ের রাজশাহী অভিযানের সময় রাজশাহীর কোর্ট এলাকা ও সাহেববাজার জিরো পয়েন্টের সমাবেশেও তিনি বক্তব্য রাখেন। শায়খ আবদুর রহমান যেদিন বাগমারায় এসেছিলেন সেদিনও অধ্যাপক লুৎফর  তাদের সঙ্গে ছিলেন।

স্থানীয় সূত্র আরও জানায়, শায়খ রহমানের জামাই আওয়ালের সঙ্গে অধ্যাপক লুৎফর রহমানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।