২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ভুয়া প্রশ্নপত্রসহ আটক ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ সোমবার প্রতারক চক্রের তিন জনকে হাতেনাতে আটক করেছেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

আইন ও বিচার বিভাগের ভর্তি পরীক্ষার ওই ভুয়া প্রশ্নপত্র নিয়ে দিনভর ক্যাম্পাসে তোলপাড় চলে। তবে পরীক্ষার প্রশ্নপত্রের সাথে উদ্ধার করা ওই প্রশ্নের মিল পাওয়া যায়নি। আটককৃতদের মতিহার থানা পুলিশে দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দুপুর ১ টায় ভর্তি পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে রিজু ও বিকুসহ কয়েকজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের ‘সাবাস বাংলাদেশ’ চত্বরে বসে আইন ও বিচার বিভাগের কথিত ওই প্রশ্নপত্র বিক্রি শুরু করে। বিষয়টি জানতে পেরে প্রক্টর অধ্যাপক শামসুল আলম সরকার সহকারী প্রক্টরদের নিয়ে ওই তিনজনকে আটক করেন। এসময় ওই চক্রের আরো তিনজন সদস্য দৌঁড়ে পালিয়ে যায়। পরে তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদ শেষে প্রক্টর তাদেরকে পুলিশের হাতে তুলে দেয় এবং উদ্ধার করা হাতে লেখা প্রশ্নপত্র সিলগালা করে রাখা হয়। পরীক্ষা শেষে বেলা আড়াইটার দিকে কথিত ওই প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা নিয়ে মিলিয়ে দেখেন। মোট ১২০ টি প্রশ্নের মধ্যে কোনটিই সেটির সঙ্গে মেলেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট ও ছাত্রলীগ এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।