২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটামুক্ত দশ মাসে ওভেন রপ্তানি কমেছে চার শতাংশ, নিটওয়্যার রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ (আপডেট)

জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কোটামুক্ত দশ মাসে ওভেন গার্মেন্টস রপ্তানি কমেছে প্রায় চার শতাংশ। অন্যদিকে উল্লিখিত সময়ে নিটওয়্যার রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 06:27 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্র জানায়, চলতি বছর প্রথম দশ মাসে ওভেন খাতে রপ্তানি আয় ১৩ কোটি ডলার কমে দাঁড়ায় ৩১৪ কোটি ৬০ লাখ ডলার। একই সময়ে নিটওয়্যার রপ্তানির আয় ৫৪ কোটি ১৮ লাখ ডলার বেড়ে দাঁড়ায় ২৬৫ কোটি ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, কোটামুক্ত সময়ে ওভেন গার্মেন্টস রপ্তানি আয় ক্রমাগত কমতে থাকলেও ফেব্র“য়ারিতে ৩১ শতাংশ এবং অক্টোবরে আয় সর্বোচ্চ ৩৮ শতাংশ বৃদ্ধি পায়। চলতি বছরের এ দু’মাস ছাড়া বাকি আট মাসে গত বছরের তুলনায় গড়ে ১১ শতাংশ রপ্তানি আয় কমেছে। যদিও এ খাতে দশ মাসে রপ্তানির পরিমাণ কমেনি। সামগ্রিক বিশ্লেষণ থেকে দেখা যায়, এ খাতে রপ্তানির একক মূল্য দুই শতাংশের বেশি কমে যাওয়ায় রপ্তানি আয় হ্রাস পায়।

অন্যদিকে গত অর্থবছরে নিটওয়্যার রপ্তানির পরিমাণ ৩১ শতাংশ বাড়লেও এ খাতে রপ্তানির একক মূল্য হ্রাস পায়নি।   

রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্র জানায়, কোটা পরবর্তী সময়ে পোশাক শিল্পে ধস নামার আশঙ্কা থাকলেও ওভেন শিল্পে দশ মাসে রপ্তানি আয় হ্রাস পায় চার শতাংশ। বর্তমান অর্থবছরের চারমাসে ওভেন গার্মেন্টস রপ্তানি দশমিক ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কোটামুক্ত সময়ে বাজার বিশ্লেষণে দেখা যায়, মার্কিন বাজারে ওভেন ও নিটওয়্যার উভয় খাতে রপ্তানি আয় বড় পরিমাণে বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে এ সময়ে ওভেন রপ্তানির আয় ও পরিমাণ কমলেও নিটওয়্যার রপ্তানি প্রথম ছয় মাসে বেড়েছে ১৫ শতাংশ। 

বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আনিসুল হক বিডিনিউজকে বলেন, বাংলাদেশের প্রতিযোগী চীনের তিনটি নিটওয়্যার পণ্যের ওপর ইইউ বাজারে এবং ১১টি পণ্যের ওপর মার্কিন বাজারে কোটা আরোপ করা হয়েছে। ফলে দুটি বাজারে নিটওয়্যার রপ্তানিতে প্রবৃদ্ধির উচ্চ হার বজায় থাকলেও ইইউতে ওভেন গার্মেন্টসের মূল্য আশঙ্কাজনক হারে কমছে।

তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে ইইউসহ উন্নত দেশগুলো প্রদত্ত জিএসপি ও শুল্কমুক্ত সুবিধা বাদ দিলে রপ্তানি আশঙ্কাজনক হারে কমে যাবে। বাংলাদেশের প্রতিযোগীসুলভ সক্ষমতার প্রকৃত চিত্র তখনই ফুটে উঠবে।

বস্ত্র ও পোশাক শিল্পে আভ্যন্তরীণ সক্ষমতা ও প্রতিযোগীতামূলক দক্ষতা বাড়াতে তিনি সরকারের বিভিন্ন সহায়তা ও ভুর্তকিসহ অবকাঠামো খাতে বিনিয়োগের দাবি জানান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, হংকংয়ে বহুপাক্ষিক আলোচনা ব্যর্থ হওয়ার পর সরকারি ও বেসরকারি পর্যায়ে অন্তত আগামী জুলাই পর্যন্ত মার্কিন ট্রেড বিল পাশের জন্য চেষ্টা করা উচিত।     

এ পরিস্থিতিকে আশঙ্কাজনক উল্লেখ করে তিনি বলেন, ইইউ’র জিএসপি সুবিধা পুরোপুরি কাজে লাগানোর ব্যাপারে সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক মোস্তাফিজুর রহমান বিডিনিউজকে বলেন, কয়েকটি ক্যাটাগরিতে চীনের পণ্যের ওপর অবরোধ আরোপের কারণে কোটামুক্ত সময়ে ওভেন শিল্পে বড় ধরনের ক্ষতি কমেছে। ২০০৮ সালের মধ্যে এ খাত কতটা প্রতিযোগিতাপূর্ণ সক্ষমতা অর্জন করতে পারবে তার ওপর এ শিল্পের সামগ্রিক অবস্থা নির্ভর করছে।

হংকং বৈঠকে বাংলাদেশের বস্ত্র খাতের ব্যাপারে মার্কিন বাণিজ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এ বছরে চীনের ওপর নতুন করে কোটা আরোপের কারণে মার্কিন বাজারে রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হলেও ২০০১ সালের তুলনায় এ রপ্তানি বেশি নয়।

তৈরী পোষাকের গড় দাম কমানোর ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, পশ্চাদসংযোগ শিল্প গড়ে তুলার ব্যাপারে সরকারে আরও বেশি মনোযোগ দেওয়া দরকার।

তিনি বলেন, স্বল্প সুদে ঋণ, প্রযুক্তিগত উন্নয়নে সহায়তা এবং অবকাঠামো খাতে বিনিয়োগের মাধ্যমে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সরকারি সহযোগিতা প্রয়োজন।   

চলতি অর্থবছরে প্রথম চার মাসে যৌথভাবে ওভেন ও নিটওয়্যার রপ্তানিতে মোট আয়ের পরিমাণ ৭৫ শতাংশ। এ সময়ে ওভেন খাতে আয়ের পরিমাণ ছিল ২৮ কোটি ৬০ লাখ ডলার, যা নিট খাতের রপ্তানি আয়ের চেয়ে ৫ কোটি ডলার বেশি।

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক জানান, আগামী জানুয়ারি মাস থেকে নিটওয়্যার দেশের একক বৃহত্তম রপ্তানি খাতে পরিণত হবে।

তিনি বলেন, মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারে প্রাপ্তির যে প্রত্যাশা ছিল বাংলাদেশ তা থেকে বঞ্চিত হয়েছে। 

এ বছরের প্রথম থেকে কোটমুক্ত ব্যবস্থা শুরু হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্র ও ইইউ যথাক্রমে চীনের ৩৫ টি ও ১০ টি পণ্যের ওপর কোটা আরোপ করেছে। কোটামুক্ত ব্যবস্থার পুরোপুরি প্রভাব চীনের ওপর এখনও পড়েনি। ইইউয়ের বাজার ২০০৮ সালে এবং মার্কিন বাজারে ২০০৯ সালে বস্ত্র ও পোষাক শিল্পে সামগ্রিকভাবে কোটমুক্ত ব্যবস্থা চালু হবে।