নীলফামারীর কৃষকেরা আলু চাষ করে আর্থ-সামাজিক অবস্থার আমুল পরিবর্তন ঘটিয়েছে
নীলফামারীর কৃষকেরা ব্যাপক আলু চাষ করে আর্থ-সামাজিক অবস্থার আমুল পরিবর্তন ঘটিয়েছে।
ভাতের বিকল্প হিসেবে আলুর গুরুত্ব অপরিসীম। অন্যান্য অর্থকরী ফসলের মতো আলু একটি অর্থকরী ফসল হিসেবে সমাদৃত হয়েছে।
একসময় গোটা জেলার উঁচু জমিতে তেমন কিছুই আবাদ হতো না। এখন ওই সব কাঁশবনে ভরা পতিত জমিতে আবাদ হচ্ছে আলু। অন্য কোন শষ্য আবাদ না হলেও সেচের মাধ্যমে একমাত্র আলু আবাদ করেই তারা অন্যান্য ফসলের তুলনায় অনেক বেশি আর্থিকভাবে লাভবান হচ্ছে।
নীলফামারী জেলার ৯৫ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল হলেও তারা জানতো না আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতির চাষাবাদ। ফলে যুগ যুগ ধরেই পরিবর্তন হয়নি তাদের ভাগ্য ও জীবন-যাত্রার মানের।
কিন্তু গত কয়েক বছর ধরে আগাম আলু আবাদ করে ভালো ফলন পাওয়ায় এখন তাদের অবস্থারও অনেকটাই পরিবর্তন হয়েছে। আলুই হচ্ছে নীলফামারী জেলার অন্যতম প্রধান অর্থকারী ফসল।
কৃষি বিভাগ সূত্র জানায়, এ বছর জেলায় আগাম আলু আবাদ হয়েছে ১৫ হাজার হেক্টর জমিতে। আলু উৎপাদন হয়েছে প্রত্যাশার চেয়েও অনেক বেশি। জেলার ছয়টি উপজেলায় ৩৭ হাজার ৫শ’ মেট্রিক টন আলু উৎপাদন হবে বলে আশা করা হলেও কৃষকরা সময় মতো জমিতে সার ও সেচ দিতে পারায় এ লক্ষ্যমাত্রা ছড়িয়ে গেছে। প্রতি বছরেই এ জেলায় আলুর চাষ বেড়েই চলেছে।
গত বছর দেশে ফলন ভাল না হওয়ায় এবার শুরুতেই নতুন আলুর চাহিদা বেশি।
কৃষকরা জানান, এ বছর ১শ’ কেজির এক বস্তা আলু বিক্রি করে তারা পাচ্ছেন এক হাজার থেকে ১২শ’ টাকা পর্যন্ত। মঙ্গার পর জেলার প্রায় দুই লাখ মজুর এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন আলু তোলার কাজে।
দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এসে এখন ধর্ণা দিচ্ছে নীলফামারীর কৃষকের দুয়ারে। ঘরে তোলার আগেই চড়া দামে তারা আলু কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে।
নীলফামারী জেলায় পাঁচটি হিমাগার রয়েছে। এসব হিমাগারে প্রায় দুই হাজার মেট্রিক টন স্থানীয়ভাবে আলু বীজ রক্ষিত ছিল। কিন্তু এসব হিমাগারে সঠিক তাপ নিয়ন্ত্রন ব্যবস্থার অভাবে ওইসব বীজের মান নষ্ট হয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে।
