২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার খাতে ভর্তুকির টাকা বরাদ্দ না হওয়ায় সার সংকট কাটেনি

প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও রোববার পর্যন্ত অর্থ মন্ত্রণালয় আমদানি করা সার খাতে কৃষি মন্ত্রণালয়কে ভর্তুকির ৯৭ কোটি টাকার বরাদ্দ দেয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 07:16 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

টাকা ছাড় ও খোলাবাজারে সার বিক্রি অব্যাহত রাখতে কৃষি মন্ত্রণালয় তৎপরতা অব্যাহত রাখলেও এখন পর্যন্ত কোনও ফল আসেনি।

আমদানিকারকরা হুমকি দিয়েছে, সোমবারের মধ্যে সমস্যার সমাধান না হলে ভর্তুকি দিয়ে খোলাবাজারে সার বিক্রি বন্ধ করে দেওয়া হবে। এতে ভরা কৃষি মৌসুমে আকস্মিকভাবে ইউরিয়াসহ অন্য সারের দাম বেড়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।

কৃষি মন্ত্রী এমকে আনোয়ার বলেছেন, টাকা ছাড়ের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। কৃষি মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি।

তিনি বলেন, টাকা দেবে অর্থ মন্ত্রণালয়। তারা ছাড় না দিলে আমাদের কিছুই করার নেই। এ ব্যাপারে তারাই সিদ্ধান্ত নেবে।

ব্যবসায়ীদের আন্দোলনের হুমকি প্রসঙ্গে তিনি বিডিনিউজকে বলেন, এ ব্যাপারে তার মন্ত্রণালয়ের কিছুই করার নেই। অর্থ মন্ত্রণালয় থেকে টাকা দিলেই তিনি দিতে পারবেন। তাই ব্যবসায়ীরা কী করবেন, তা তাদের ব্যাপার।

তবে কৃষি মন্ত্রণালয় বিষয়টির সুরাহা করার চেষ্টা করছে বলে তিনি জানান।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি কফিলউদ্দিন আহমেদ জানান, ২০ ডিসেম্বর কৃষি মন্ত্রণালয়ের সাথে বৈঠক ব্যর্থ হলেও তারা সোমবার কৃষি মন্ত্রী ও সচিবের সাথে এ ব্যাপারে আবারও বৈঠক করবেন। ওইদিন সারের মূল্য নির্ধারণ কমিটির বৈঠকেও বিষয়টি তোলা হবে।

এতে কোনও সমাধান না হলে তারা সরকারের সাথে চুক্তি অনুযায়ী খোলাবাজারে সার বিক্রি না করে প্রকৃত দরেই সার বিক্রি শুরু করবেন। এতে বাজারের প্রায় সব ধরনের সারের দামে প্রভাব পড়বে।

বিক্ষুব্ধ ও ক্ষতিগ্রস্ত আমদানিকারক ও ব্যবসায়ীরা জানান, গত বছরের ডিসেম্বর মাসের চুক্তি অনুযায়ী সার ব্যবসায়ীরা ২৫ শতাংশ হারে ভর্তুকি দিয়ে সার বিক্রি করে। এতে গত নভেম্বর মাস পর্যন্ত তাদের বকেয়া পড়ে প্রায় ৯৭ কোটি টাকা। এই সময়ে ব্যবসায়ীরা মোট ২৭১ কোটি টাকা ভর্তুকি দিলেও সরকার ১৬৪ কোটি টাকা পরিশোধ করে। চলতি অর্থবছরে এই খাতে মোট ৩৯৬ কোটি টাকা বরাদ্দ থাকলেও ভর্তুকির ৯৭ কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ে আটকা পড়ে আছে।

ব্যবসায়ীরা জানান, বিগত অর্থবছরেও তাদের প্রায় ১৫০ কোটি টাকা বকেয়া রয়েছে। যা অনেক দেন--দরবার করেও আদায় করা যায়নি। এতে লাভের পরিবর্তে ব্যবসায়ীরা ক্ষতির শিকার হচ্ছেন।

ব্যবসায়ী নেতা কফিলউদ্দিন আহমেদ বিডিনিউজকে আরো জানান, সরকারের কাছে প্রায় ২৫০ কোটি টাকা পড়ে থাকায় তারা জুন মাসে আসা সারও ছাড়াতে পারেননি।

তিনি বলেন, এ কারণে এসব সার বিক্রিও করতে পারছি না। ফলে আমাদের ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। অন্যদিকে ব্যাংক থেকে ঋণ পরিশোধের তাগিদও রয়েছে।