২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যথাযোগ্য মর্যাদায় বড়দিন পালিত

বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও রোববার যথাযোগ্য ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে খ্রীস্টান সম্প্রদায়ের সবচে’ বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 05:26 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

যিশু খ্রিস্টের জন্মকে স্মরণ করে খ্রীস্টান সম্প্রদায় প্রতি বছর ২৫ ডিসেম্বর যিশুর মতবাদ শান্তি ও মানবতার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করে থাকেন।

রাজধানী ঢাকার পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলেও এ উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার ছিলো সরকারি ছুটির দিন।

রঙ বেরঙের আলোকসজ্জার মাধ্যমে ক্রিসমাস ট্রি সাজানো, গির্জায় বিশেষ প্রার্থনা, শিশুদের মাঝে সান্তা ক্লসের উপহার সামগ্রী বিতরণ এবং হাস্য কৌতুকের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি।

এদিকে বড়দিনের শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে সরকার ঢাকাসহ সারা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

আইন শৃঙ্খলা রক্ষায় নগরীর পাঁচতারা হোটেল সোনারগাঁও এবং শেরাটনসহ প্রায় ৪০টি গির্জায় নিয়মিত বাহিনীর পাশাপাশি অত্যাধুনিক অস্ত্র ও দ্রুত যোগাযোগ প্রযুক্তি নিয়ে প্রস্তুত ছিলো র‌্যাব সদস্যরা।

নগরীর বিভিন্ন গির্জার ভেতর ও বাইরে এবং খ্রীস্টান সম্প্রদায়ের বসবাসের এলাকাগুলোতে নিয়মিত পুলিশ বাহিনীর পাশাপাশি র‌্যাব সদস্যরাও টহল দেয়।

বনানী, বারিধারা এবং গুলশানসহ যেসব অভিজাত এলাকায় বিদেশী খ্রীস্টানরা বসবাস করেন, সেসব এলাকায় বড়দিন উৎসব পালনে যাতে কোনও বিঘœ না ঘটে, সেজন্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।  

বড়দিন উদযাপনের সময় যেকোনও ধরনের জঙ্গি হামলা প্রতিহত করতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বসানো হয় চেকপোস্ট।

দিবসটি পালন উপলক্ষে নগরীর গির্জা ও অভিজাত হোটেলগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। খ্রীস্টান সম্প্রদায়ের লোকজন এসব আয়োজনস্থলে ভিড় জমান। এসময় সান্তা ক্লসের পাশাপাশি শিশুদের আনন্দ মাতিয়ে রাখেন বড়দিনের কোরাস শিল্পীরা।

হোটেলগুলোসহ বাড়িতে বাড়িতে কেক ও ভোজের আয়োজন করা হয়। উৎসবের আমেজ ভাগাভাগি করতে আত্মীয় স্বজন, প্রতিবেশী ও অন্যান্যদের মাঝে এসব বিতরণ করে আনন্দে মেতে ওঠেন খ্রীস্টান সম্প্রদায়।

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বড়দিনের শুভেচ্ছা জানিয়ে খ্রীস্টান সম্প্রদায়ের সুখ সমৃদ্ধি কামনা করেছেন।