রাবিতে অধ্যাপক ইউনুস হত্যাকাণ্ডের ১ বছর, প্রতিবাদ কর্মসূচিতে বিচার দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ইউনুস হত্যাকাণ্ডের এক বছর পূর্তিতে শনিবার ক্যাম্পাসে বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচি থেকে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ ভোরে অধ্যাপক ইউনুস হত্যার স্থানে ফুল দিয়ে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানান। এরপর তারা ক্যাম্পাসে শোক র্যালি বের করেন। র্যালি শেষে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, অধ্যাপক ইউনুসকে হত্যার পেছনে ১৯৭১ সালের পরাজিত ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল জামায়াত--শিবির চক্রই জড়িত। এই হত্যাকাণ্ড কোনও বিচ্ছিন্ন ঘটনা ছিলো না। তারা বলেন, সরকার এবং অপরাধীচক্র এক হওয়ার কারণেই হত্যাকাণ্ডের বিচার করবে না।
অধ্যাপক মোহাম্মদ নুরুল্লাহ’র সভাপতিত্বে এবং অধ্যাপক ফায়েকুজ্জামান ও অধ্যাপক হাসিবুল আলম প্রধানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন-- কথাশিল্পী হাসান আজিজুল হক, প্রফেসর সাইদুর রহমান খান, মোজাফফর হোসেন, মুহাম্মদ মিজান উদ্দিন, এএইচএম জেহাদুল করীম, এসএম আবু বকর, আজম শান্তনু, আনন্দ কুমার সাহা, সুজীত কুমার সরকার, আওয়ামী লীগ নেতা নওশের আলী, ডা. সৈয়দ সাফিকুল আলম, সিপিবি নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।
সমাবেশ শেষে বিকেলে তারা বিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দেন।
অর্থনীতি বিভাগও এ উপলক্ষে শোক র্যালি এবং আলোচনা সভা আয়োজন করে। এতে বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বেলা ১১টার দিকে ছাত্রলীগ খুনীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-- ছাত্রলীগ কেন্দ্রীয় সহসম্পাদক কামরুজ্জামান চঞ্চল, সদস্য রশিদুল ইসলাম, জাহিদ আলী, হাবিব, রাবি ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন মুন, সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড ঘটিয়েছে খুনী জামায়াত--শিবির চক্র। এদের ফাঁসিসহ বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিন দফা দাবি তোলেন। দাবিগুলো হচ্ছে-- ২৪ ডিসেম্বরকে শোক দিবস ঘোষণা করা, অধ্যাপক ইউনুসের নামে সড়কের নামকরণ ও স্মৃতিফলক নির্মাণ করা।
২০০৪ সালের ২৪ ডিসেম্বর ভোরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় তার বাড়ির অদূরে দুর্বৃত্তরা নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর জবাই করে অধ্যাপক ইউনুসকে। তারপর একবছরেও মামলার কোনো অগ্রগতি হয়নি।
