আরও ৩টি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ
কারিগরি ত্র“টির কারণে গত দুই দিনে আরও তিনটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং দেখা দিয়েছে।
এদিন লোডশেডিংয়ের পরিমাণ ছিলো ২০০ মেগাওয়াট। পিক আওয়ারের মোট ৩৫০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে শুক্রবার বিদ্যুৎ উৎপাদন হয় ৩৩০০ মেগাওয়াট।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষে সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, শুক্রবার পর্যন্ত কয়েকটি কেন্দ্রের কমপক্ষে সাতটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। এ কারণে তারা সারা দেশে লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন।
বন্ধ এ ইউনিটগুলো হচ্ছে, ২১০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র (ইউনিট-৪) এবং এর ৪০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার জিটি-২ ইউনিট, খুলনা বিদ্যুৎ কেন্দ্রের ১০০ মেগাওয়াট ও ৬০ মেগাওয়াটের দু’টি ইউনিট, ৮০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন টঙ্গী বিদ্যুৎ কেন্দ্র এবং ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র। কারিগরি ত্র“টি ও সংস্কার কাজের জন্যে গত দু’দিন ধরে এসব ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে।
