দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় আহত ১২, ৮ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম মহসড়কের দাউদকান্দির পুটিয়া নামক স্থানে বাস, কভার্ড ভ্যান, ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে শুক্রবার কমপক্ষে ১২ জন আহত হয়েছে। এ ঘটনার জের ধরে প্রায় আট ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। অল্প কিছুক্ষণের মধ্যে একই স্থানে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকের সাথে ঢাকা গামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় অপর একটি মাইক্রোবাস পেছন দিক থেকে যাত্রীবাহী বাসটির ওপর এসে পড়ে। এতে মহাসড়কে যনবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়।
যানবাহন চলাচল বন্ধ হওয়ায় মহাসড়কে ঘটনাস্থলের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শুক্রবার ১১টায় দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
