২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমাতঙ্ক কাটিয়ে কক্সবাজারে পর্যটকদের ঢল

দেশব্যাপী ভয়ংকর বোমাতঙ্ক পরিস্থিতি কাটিয়ে আবারও সূর্যোদয় ঘটেছে কক্সবাজারের পর্যটন শিল্পে। কক্সবাজার শহর আবার মুখরিত হয়ে উঠেছে পর্যটকদের পদভারে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 09:17 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

‘বড় দিন’কে সামনে রেখে কক্সবাজারে ছুটে এসেছে দেশের হাজার হাজার মানুষ। শুক্রবার ও শনিবার সরকারি ছুটি এবং রোববার ‘বড় দিন’র ছুটি মিলিয়ে টানা তিনদিনের ছুটিতে এই সকল দেশী পর্যটকরা কক্সবাজারে গড়ে তুলেছে অবসরকালীন আনন্দ উৎসব।

ধারনা করা হচ্ছে কক্সবাজার শহরে বর্তমানে প্রায় এক লাখ দেশীয় পর্যটক অবস্থান করছেন। শহর ও শহরতলীতে গড়ে উঠা বিলাস বহুল থেকে শুরু করে মাঝারি মানের প্রায় সাড়ে তিনশত আবাসিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রেস্ট হাউসগুলোতে প্রায় ৫০ হাজার সিট রয়েছে।

হোটেল সূত্র জানায়, সকল হোটেল মোটেলগুলো ২৬ ডিসেম্বর পর্যন্ত অগ্রীম বুকিং হয়ে আছে। 

সারাদেশে বোমা হামলার ঘটনার পর দেশের অন্যান্য এলাকার মতো পর্যটন নগরী কক্সবাজারেও আতংক ছড়িয়ে পড়ে। বিগত দুইমাস ধরে কক্সবাজার পর্যটক শূণ্য হয়ে পড়ে। ভরা মৌসুমেও তেমন পর্যটকের আনাগোনা না হওয়ায় হতাশ হয়ে পড়ে পর্যটন শিল্পের সাথে জড়িত হাজার হাজার মানুষ। সেই ভয় সেই শংকা কাটিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসতে শুরু করেছে কক্সবাজারে।

এদিকে সমুদ্রে সৃষ্ট লঘুচাপের কারণে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে প্রায় এক লাখ মানুষ ভিজতে ভিজতেই সমুদ্র সৈকত থেকে বিভিন্ন পর্যটন স্পটে ঘুরেছে।

বার্মিজ মার্কেটগুলোতেও পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

প্রতিবছর ডিসেম্বর মাসটা পর্যটকে জমজমাট থাকে কক্সবাজার শহর। বোমাতঙ্কের কারণে ডিসেম্বরের শুরুটা পর্যটক শূণ্য কাটাতে হলেও শেষ বেলায় এসে তা আগের মতোই জমজমাট হয়ে উঠেছে।