বিডিনিউজ পরিবেশিত সংবাদ বিষয়ে গোয়েন্দা সংস্থার ব্যাখ্যা
জামাত--সমর্থক সরকারি কর্মকর্তাদের ওপর গোয়েন্দা নজরদারি শীর্ষক বিডিনিউজ--এর একটি সংবাদের ব্যাপারে ভিন্ন মত প্রকাশ করেছে শীর্ষ দু’টি গোয়েন্দা সংস্থা।
প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ২০ ডিসেম্বর বিডিনিউজ একটি সংবাদে উল্লেখ করে, জেএমবি’র ক্রমাগত হামলার প্রেক্ষিতে প্রশাসনে আতংক দেখা দেওয়ায় জামাত--সমর্থক সিনিয়র প্রশাসনিক কর্মকর্তাদের ওপর নজরদারি রাখছে গোয়েন্দা সংস্থাগুলো।
এ সংবাদ প্রকাশের পর পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন সিনিয়র কর্মকর্তা বুধবার বিডিনিউজ কার্যালয়ে এসে জানান, তারা এ ধরনের কোনও গোয়েন্দা নজরদারি করছেন না।
অন্যদিকে, জাতীয় নিরাপত্তা বিষয়ক গোয়েন্দা সংস্থা এনএসআই’র একজন পরিচালক বৃহস্পতিবার বিডিনিউজ--এর সম্পাদকদের তার কার্যালয়ে যেতে বলেন। সাক্ষাৎকালে সম্পাদকদের তিনি বলেন, সংবাদটি ভিত্তিহীন।
