চকরিয়া থানার ওসির বিরুদ্ধে মামলা
প্রতিপক্ষকে জমি দখলে সহায়তার অভিযোগ এনে কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন একজন মহিলা।
আনোয়ারা বেগম নামের ওই মহিলা ওসি অহিদুর রহমানকে প্রধান আসামী করে চকরিয়া ম্যাজিস্ট্রেট আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, চকরিয়া পৌরসভার বাটাখালী এলাকার নুরুল আলম মিস্ত্রির বসতবাড়ি ও স্বত্ত্ব দখলীয় জমি চকরিয়া থানার ওসি অহিদুর রহমানের উপস্থিতিতে গত ২৩ নভেম্বর হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ দখল করে নেয়। ওসি হাইকোর্টের আদেশ অমান্য করে মোটা অংকের উৎকোচের বিনিময়ে এধরনের কাজ করেছেন। ওই দিন জমি দখলকালে বাধা দেওয়ায় ওসি অহিদুর রহমান বাদির বাবা, ভাই, ভগ্নিপতিসহ পাঁচজনকে বেআইনিভাবে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে।
অভিযোগে আরও বলা হয়, ওসির উপস্থিতিতেই জবর দখলকারীরা তার মা ও বোনদের ওপর শারিরীক নির্যাতন ও অমানুষিক অত্যাচার করে।
আনোয়ারা বেগম বুধবার মামলাটি দায়ের করেন।
