২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে আরো একটি তিমি হাঙর ধরা পড়লো জেলেদের জালে

কক্সবাজার সমুদ্রে জেলেদের জালে ধরা পড়েছে আরেকটি তিমি হাঙর। মাত্র একদিনের ব্যবধানে বিশাল দু’টি তিমি হাঙর জেলেদের জালে ধরা পড়লো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

মঙ্গলবার ভোরে উপকূলবর্তী বঙ্গোপসাগরে কক্সবাজার শহরতলীর উত্তর নুনিয়া ছড়ার নুরুল ইসলাম বহদ্দারের ফিশিং ট্রলারে প্রায় ২৫ ফুট লম্বা তিমি হাঙরটি ধরা পড়ে। সোমবার ধরা তিমি হাঙরটির সাথে এটির হুবহু মিল রয়েছে। ব্যবধান কেবল মঙ্গলবারের হাঙরটি লম্বায় ২৫ ফুট ও সোমবার ধরা পড়া হাঙরটি ৩০ ফুট লম্বা। পর পর দুই দিনে বিশাল দু’টি তিমি হাঙর ধরা পড়ায় এলাকায় সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নুরুল ইসলাম বহদ্দারের ট্রলারের জালে তিমি হাঙরটি ধরা পড়ে সোমবার ভোর প্রায় ৫টায়। জালে আটকানোর পর জালে পেঁচিয়ে গেলে কিছুক্ষনের মধ্যে সেটি মারা যায়। পরে জেলেরা ট্রলারের সাথে রশি দিয়ে বেঁধে হাঙরটি উত্তর নুনিয়া ছড়া ফিশারী ঘাটে নিয়ে আসে।

সোমবার দুপুর ২টার দিকে ট্রলারটি কূলে ফিরতে সক্ষম হয়। বর্তমানে ‘বাঘা হাঙর’ নামে পরিচিত হাঙরটি ফিশারী ঘাটে ফেলে রাখা হয়েছে। তবে এটি বিক্রির কোন ব্যবস্থা এখনও ট্রলারের মালিক নেননি বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাঙরটির লম্বায় প্রায় ২৫ ফুট ও প্রস্থে ২২ ফুট। মাথায়, পেটে ও ডান চোখে আঘাত রয়েছে।

এদিকে পরপর হাঙর ধরা পড়ায় জেলেদের মাঝেও আতঙ্ক দেখা দিয়েছে।

জেলেদের ধারণা, সাগরে হয়তো কোন বড় ধরনের বিপর্যয় হতে যাচ্ছে। তাই সামুদ্রিক এই বিরল প্রাণীগুলো গভীর সমুদ্র থেকে উপকূলবর্তী এলাকায় চলে আসছে।

এ ব্যাপারে কক্সবাজার সামুদ্রিক মৎস্য গবেষণা ইনষ্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.শাহাদাত হোসেন বিডিনিউজকে জানান, সমুদ্রের তলদেশে কোন বিপর্যয় ঘটলে সেখানকার প্রাণীরা উপকূলের দিকে চলে আসতে পারে। তবে পরপর দু’টি তিমি হাঙর ধরা পড়লেও তিনি এটিকে এখনই বিপর্যয় হিসাবে চিহ্নিত করতে চাচ্ছেন না।

অপরদিকে সোমবার ধরা তিমি হাঙরটি মঙ্গলবার সন্ধ্যায় কেটে বিক্রি করে ফেলা হয়েছে বলে জানা গেছে।