২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের চাকতাইয়ে বস্তিতে অগ্নিকাণ্ড, ২৫০ পরিবার গৃহহারা

নগরীর চাকতাই এলাকায় এক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আড়াই শ’ বসতবাড়ি ও একটি দোকানসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 05:36 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

দমকল বাহিনী সূত্র জানিয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় বাকলিয়া থানাধীন কর্ণফুলী নতুন ব্রিজের দক্ষিণ পাশে অবস্থিত আবদুল হামিদ খানের বস্তিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

পুরো বস্তিটি ওয়াকফ সম্পত্তি হওয়ায় বস্তি উচ্ছেদের জন্য অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বলে ফায়ার ব্রিগেড এবং স্থানীয় বাসিন্দারা ধারণা করছে।

দমকল বাহিনীর আটটি অগ্নিনির্বাপক গাড়ি সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টার পর বেলা পৌনে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা না ঘটলেও এই শীতে বস্তির প্রায় আট হাজার বাসিন্দাকে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।