২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহমদিয়া মসজিদ ঘেরাও কর্মসূচির প্রেক্ষিতে নিরাপত্তার দাবি জানিয়েছে আহমদিয়া মুসলিম জামাত

আন্তর্জাতিক খতমে নবুয়ত আন্দোলনকে ২৩ ডিসেম্বর রাজধানীর বকশীবাজারে আহমদিয়া কমপ্লেক্স ঘেরাও কর্মসূচির অনুমতি দেওয়ায় আহমদিয়া মুসলিম জামাত সোমবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

ঢাকায় সোমবার এক সংবাদ সম্মেলনে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দ খতমে নবুয়ত আন্দোলনের হুমকি প্রতিহত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং খুলনা ও বগুড়ায় আহমদিয়া মসজিদে খতমে নবুয়তের ঝোলানো অবৈধ সাইনবোর্ড সরিয়ে নেয়ার দাবি জানান।

এক লিখিত বিবৃতিতে বাংলাদেশে আহমাদিয়া মুসলিম জামাতের জাতীয় আমির মীর মোবাশ্বের আলী বলেন, চলতি জঙ্গিবিরোধী অভিযানের পটভূমিতে উগ্রবাদী মৌলবাদী শক্তিকে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টি করতে সরকারের দেওয়া অনুমতির বিষয়টি বিস্ময়কর এবং উদ্বেগজনক।

এর আগে ৮ সেপ্টেম্বর খতমে নবুয়ত আন্দোলন ঘোষণা করে, আহমদিয়াদের অমুসলিম বলে ঘোষণা দেওয়ার দাবিতে তারা ২৩ ডিসেম্বর আহমদিয়াদের বকশীবাজারের কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স ঘেরাও করবে।

মীর মোবাশ্বের আলী বলেন, আমাদের অতীত অভিজ্ঞতা বলে, মসজিদ দখল ও তার অমর্যাদাসহ আমাদের লোকজন ও সম্পত্তির ওপর আঘাত হানার লক্ষ্যে এ ধরনের ঘেরাও কর্মসূচি দেওয়া হয়।

আহমদিয়াদের নির্যাতন ও তাদের সম্পত্তি নষ্ট করার পরও কাউকে বিচারের সম্মুখীন না করার কথা মোবাশ্বের আলী তার বিবৃতিতে উল্লেখ করেন।

মোল্লা চক্রকে আগেভাগে নিয়ন্ত্রণ করা না হলে ২৩ ডিসেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটবে বলে আহমদিয়া নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তারা শাহ আলমের হত্যাকান্ডসহ আহমাদিয়া সম্প্রদায়ের উপর পূর্ববর্তী হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আব্দুল আওয়াল এবং আহমদিয়া সম্প্রদায়ের মহাসচিব কাওসার আলী মোল্লা উপস্থিত ছিলেন।