ডব্লিউটিও বৈঠকে বাংলাদেশ মিশন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়নি: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী দাবি করেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠকে তার নেতৃত্বাধীন মিশন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়নি। তবে তিনি স্বীকার করেছেন, উন্নত দেশগুলোতে দেশের গার্মেন্টস ও নিট পণ্য শুল্ক ও কোটামুক্ত বাজার প্রবেশাধিকার অর্জন করতে পারেনি।
বিশ্ব বাণিজ্য সংস্থার ষষ্ঠ মন্ত্রী পরিষদের বৈঠক শেষে হংকং থেকে দেশে ফিরে সোমবার বাণিজ্যমন্ত্রী বিমান বন্দরে সাংবাদিকদের জানান, আমাদের কিছু দাবি ইতোমধ্যে পূরণ হয়েছে এবং বাকী দাবিগুলো আগামীতে ধাপে ধাপে সম্পন্ন হবে।
যদিও বাণিজ্যমন্ত্রী হংকং বৈঠকে অর্জিত দাবির উল্লেখ করতে ব্যর্থ হন।
সংবাদ সম্মেলনে উপস্থিত সরকারি কর্মকর্তারা উন্নত দেশগুলোতে শুল্ক ও কোটামুক্ত বাজার প্রবেশাধিকার না পাওয়ায় রপ্তানি বহুমূখীকরণের ওপর জোর দেন।
এক কর্মকর্তা জানান, আগামী রিভিউ মিটিংয়েও কোন সাফল্য আসবে এ ব্যাপারে নিশ্চয়তা নেই।
বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বিশ্ব বাণিজ্য সংস্থার ষষ্ঠমন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দেন।
আলতাফ হোসেন গত ১৪ ডিসেম্বর ঘোষনা দেন উন্নত দেশগুলোতে শুল্ক ও কোটামুক্ত বাজার প্রবেশাধিকার না পেলে বাংলাদেশ ভেটো দেবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, “খসড়া ঘোষণায় আমাদের সব ধরনের গার্মেন্টস ও নিট পণ্য শুল্ক ও কোটামুক্ত সুবিধার আওতার বাইরে রাখা হয়নি। ফলে এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক দরকষাকষিতে সুবিধা অর্জনের সুয়োগ রয়েছে।”
তিনি খসড়া ঘোষণা একবছর পর পুর্ণবিবেচনা করা হবে বলে উল্লেখ করেন এবং জানান, প্রতি বছরে দুইবার করে স্বল্পোন্নত দেশগুলো বৈঠকে বসবে।
সম্মেলনের শেষদিনে রোববার বিকেলে চতুর্থবারের মত সংশোধিত খসড়া প্রকাশ করা হয়। এ খসড়ায় বস্ত্রখাতকে শুল্কমুক্ত সুবিধার আওতার বাইরে রাখা হয়।
এদিকে সিভিল সোসাইটি গ্র“প এবং টেক্সটাইল রপ্তানিকারকরা দেশীয় প্রতিনিধি দলের কর্মকান্ড ও দক্ষতার ওপর হতাশা প্রকাশ করে।
তৃতীয় সংশোধীত খসড়া ঘোষণায় স্বল্পোন্নত দেশের ৯৯ শতাংশ পণ্যই ছিল শুল্কমুক্ত।
