২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউটিও সম্মেলনে বাংলাদেশের অর্জন শূন্য

বাংলাদেশকে কোনও সুবিধা না দিয়েই ডব্লিউটিও সম্মেলনের সমাপনী দিনে উপস্থাপিত হয়েছে মন্ত্রী পর্যায়ের খসড়া ঘোষণা। আর তাই শূন্যহাতেই দেশে ফিরতে যাচ্ছেন সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

উপস্থাপিত খসড়া অনুযায়ী একদিকে হয়ত বেশিরভাগ বাণিজ্য সংস্থাগুলো সুবিধা পেতে পারে, আবার অন্যদিকে বাংলাদেশ এখন যে সুবিধা ভোগ করছে তাও হারাতে পারে।

খসড়া ঘোষণায় উন্নত দেশের বাজারে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশের পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু এসব পণ্যের তিন শতাংশ ট্যারিফ লাইনের নিচে রাখার অনুমোদন দেওয়া হয়েছে ধনী দেশগুলোকে। এতে করে রপ্তানি পণ্যের ট্যারিফ লাইন ১১ হাজারের থেকে ৩৩৯ কমে যাবে এবং ফলশ্র“তিতে সুযোগ সুবিধা আরও হ্রাস পেতে পারে। 

সম্মেলনে অংশ নেওয়া মার্কিন বাণিজ্য প্রতিনিধি রব পোর্টম্যান মন্তব্য করেছিলেন যে, বাংলাদেশের তৈরি পোশাককে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে অন্তত যুক্তরাষ্ট্র রাজি হবে না। তবে এখন মনে হচ্ছে বাংলাদেশসহ অন্যান্য স্বল্পোন্নত দেশের সকল রপ্তানিজাত পণ্যই এ হুমকিতে আওতায় রয়েছে।

পোর্টম্যান হংকংয়ে এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করেই বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ ও কলোম্বিয়ার টেক্সটাইল পণ্য শুল্ক ও কোটামুক্ত  প্রবেশাধিকার সুবিধা পাবে না। কেননা বিশ্ব প্রতিযোগিতার কারণে এ খাতে দেশ দুটি ইতোমধ্যেই সফলতা অর্জন করেছে।

বিশেষজ্ঞরা বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় কমিশন ও জাপানসহ অন্যান্য উন্নত রাষ্ট্র তাদের অবস্থান অক্ষুন্ন রেখেই সম্মেলন শেষ করতে সক্ষম হয়েছে। তবে ছয়দিনের এ বাণিজ্য আলোচনা থেকে নিজের ঝুঁড়িতে কিছুই সংগ্রহ করতে পারেনি স্বল্পোন্নত দেশের অন্যতম বৃহৎ শক্তি বাংলাদেশ।

ডব্লিউটিও’র ষষ্ঠ মন্ত্রী পর্যায়ের সম্মেলন থেকে কোনও ফলাফল না আসায় এবং বাংলাদেশ  জোড়ালো দর কষাকষি করতে ব্যর্থ হওয়ায় সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশের ব্যবসায়িক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনেকটাই  হতাশ।

সেন্টার ফল পলিসি ডায়ালগের (সিপিডি) দেবপ্রিয় ভট্টাচার্য দরকষাকষির এ ব্যর্থতাকে ‘রাজনৈতিক ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেন।     

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এর আগে বাংলাদেশী পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা  দেওয়ার যে মিথ্যা আশ্বাস দিয়েছিল আমাদের আলোচনাকারীরা তাদের সংকেত বুঝতে পারেননি।

ঘোষণায় বলা হয়, উন্নত দেশগুলো ২০০৮ সালের মধ্যে স্বল্পোন্নত দেশকে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার শর্তে ২০০৮ সালের মধ্যে বা এগুলো বাস্তাবয়ন করার সময় সাপেক্ষে এসব দেশের পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা দিতে পারে।