ফরিদপুরে ২টি ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ উদ্বোধন
ফরিদপুরের মধুখালী ও আলফাডাঙ্গায় রোববার দু’টি টেলিফোন এক্সচেঞ্জ উদ্বোধন করেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুুরী কামাল ইবনে ইউসুফ।
মধুখালী উপজেলায় এক হাজার এবং আলফাডাঙ্গা উপজেলায় তিনশ’ লাইন ক্ষমতাসম্পন্ন এ দু’টি টেলিফোন এক্সচেঞ্জ উদ্বোধন করা হয়।
মধুখালী টেলিফোন এক্সচেঞ্জ উদ্বোধন শেষে স্থানীয় মধুখালী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য শাহ মো. আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হোসেন, টিঅ্যান্ডটি’র খুলনা অঞ্চলের প্রধান কর্মধ্যক্ষ মো. আনোয়ারুল আজিম, পুলিশ সুপার মো. আব্দুল জলিল প্রমুখ।
আলফাডাঙ্গার টেলিফোন এক্সচেঞ্জটি বিকেল ৩টায় উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। এছাড়া আরো বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ মো. শাহ আবু জাফর।
