বিশ্ব এজতেমায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও স্বাস্থ্য সেবা ব্যবস্থা গ্রহণ
রাজধানীর পার্শ্ববর্তি টঙ্গিতে মুসলিম বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ জমায়েত ‘বিশ্ব এজতেমা’ নির্বিঘেœ শেষ করতে সরকার কঠোর নিরাপত্তা ও পর্যাপ্ত স্বাস্থ্য সেবার ব্যবস্থা নিতে যাচ্ছে।
তিনদিনব্যাপী বিশ্ব এজতেমা আগামী ২৭ থেকে ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এজতেমায় বেশ কয়েকটি গোপন ক্যামেরা স্থাপনসহ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব), বাংলাদেশ রাইফেলস (বিডিআর), পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যদের এজতেমায় মোতায়েন করা হবে।
এজতেমায় অংশগ্রহণকারীদের চলাফেরার সুবিধার্থে বাংলাদেশ সেনাবাহিনী তুরাগ নদীতে পাঁচটি পন্টুন নির্মাণ করবে।
বিশ্ব এজতেমা চলাকালে এজতেমা ময়দানের আশপাশের সকল সিনেমা হল ও ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সরকার বিশ্ব এজতেমার কার্যক্রম সমন্বয়ের জন্যে অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) ও র্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ারুল হককে প্রধান করে একটি কমিটি গঠন করে।
বৈঠক থেকে বেরিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতফুজ্জামান বাবর বলেন, এজতেমায় অন্যান্য বছরের তুলনায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পর্যাপ্ত পানি, বিদ্যুৎ সরবরাহ এবং স্বাস্থ্য সেবার ব্যবস্থা রাখা হবে।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ৩৫টি মেডিকেল টিম ও ২০টি অ্যাম্বুলেন্স পাঠাবে। অপরদিকে র্যাব ও টঙ্গি পৌরসভা ২৮টি মেডিকেল টিম ও ১২টি অ্যাম্বুলেন্স সরবরাহ করবে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা এজতেমায় হামলা চালাবে, এমন কোনও আশংকা তাদের নেই।
বৈঠকে অন্যান্যদের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, র্যাব, বিডিআর ও আনসারের মহাপরিচালক এবং ধর্ম মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
