বৃহত্তর চট্টগ্রামের বাস ধর্মঘট প্রত্যাহার
পর্যটন শহর কক্সবাজারে পরিবহন মালিকদের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শনিবার বিকেলে প্রত্যাহার করে নেয়ায় জেলার ১৮টি রুটে বাস চলাচল আবার শুরু হয়েছে। পাঁচদিন অচলাবস্থার পর এ
ধর্মঘট প্রত্যাহার করা হল। ১৩ ডিসেম্বর ধর্মঘট আহ্বান করা হয়।
এদিকে বৃহত্তর চট্টগ্রামে শ্রমিকদের ডাকা ৪৮ ঘন্টার বাস ধর্মঘটও শনিবার সন্ধ্যায় প্রত্যাহার করা হয়েছে। ধর্মঘট প্রত্যাহারের পরপরই বাস চলাচল আবার শুরু হয়েছে।
চট্টগ্রাম সার্কিট হাউজে শনিবার জেলা প্রশাসন ও ধর্মঘটি নেতৃবৃন্দের মধ্যে সফল একটি বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে তাদের মধ্যে মতৈক্য হওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফুল মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠিথ বৈঠকে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও বাস মালিক অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যান চলাচলে অনুমতি গ্রহণপূর্বক চট্টগ্রাম--টেকনাফ--কক্সবাজার রুটে বিভিন্ন কোম্পানির বিলাসবহুল বাস চলাচলের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠার পর বৃহত্তর চট্টগ্রামের পাঁচটি জেলায় আহূত ধর্মঘট শনিবার বিকেল ৫টা থেকে প্রত্যাহার করে নেয়া হয়।
বৈঠকের একটি সূত্র জানায়, সিদ্ধান্ত অনুযায়ী ওই রুটে বাস চলাচল করতে হলে সৌদিয়া, শাহ আমিন এবং হানিফসহ সকল বাস সার্ভিসকে আগে থেকেই অনুমতি (রোড পারমিট) নিতে হবে।
স্থানীয় সময় বেলা ২টায় শুরু হওয়া বৈঠকটি প্রায় এক ঘন্টা স্থায়ী হয়।
চট্টগ্রাম--টেকনাফ--কক্সবাজারের মধ্যে ১২ ডিসেম্বর সরাসরি বিলাসবহুল বাস চলাচল শুরু হওয়ার পর কক্সবাজার--টেকনাফ মিনি বাস মালিক সমিতি সমর্থিত পরিবহন শ্রমিকরা বিলাসবহুল বাস চলাচলে বাধা দেয়। এর ফলে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটলে কমপক্ষে ১০জন শ্রমিক আহত হয়।
এ ঘটনার প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামের পাঁচটি জেলায় শনিবার সকাল থেকে ৪৮ ঘন্টার লাগাতার ধর্মঘট আহ্বান করা হয় এবং শ্রমিক ফেডারেশন ধর্মঘটের পক্ষে তাদের সমর্থন জানায়।
