দেশের কৌশলগত উন্নয়ন পরিকল্পনা আপাতত বন্ধ
বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার যে দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করেছিল আপাতত তা শিঁকেয় উঠেছে।
পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানকে প্রধান করে গঠিত উচ্চ পর্যায়ের বাংলাদেশ স্ট্র্যাটেজি কান্ট্রি প্রমোশন কাউন্সিল চলতি বছর মার্চে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে একটি সুপারিশমালা প্রদান করে।
পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান শনিবার বিডিনিউজকে বলেন, গৃহীত এ পরিকল্পনাকে আরও আপডেট করতে হবে। অধিক বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে এটি করা হয়েছিল। সার্বিক পরিকল্পনার জন্যে আমাদের আবার বৈঠকে বসতে হবে।
তবে পূর্বের পরিকল্পনার সাথে নতুন কোনও বিষয় যোগ হচ্ছে কি না সে ব্যাপারে তিনি মন্তব্য করতে রাজি হননি।
২০০৪ সালের ৮ আগস্ট মোর্শেদ খানকে আহ্বায়ক এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমানকে সদস্য সচিব করে আট সদস্য বিশিষ্ট এ কাউন্সিল গঠন করা হয়।
কাউন্সিলের অপর সদস্যরা হচ্ছেন, প্রাইভেটাইজেশন কমিশনের নির্বাহী চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী, তথ্যসচিব, ফরেন চেম্বারের সভাপতি মাহবুব জামিল, মেট্রোপলিটান চেম্বারের সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলেরর (বিইপিজেড) নির্বাহী চেয়ারম্যান ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান।
সুপারিশমালায় যেসব বিষয় উল্লেখ করা হয় সেগুলো হচ্ছে, বাংলাদেশের লক্ষ্য, দেশের অগ্রগতির উদ্দেশ্য, ক্ষেত্র, কাঠামো, বাস্তবায়ন কৌশল, মনিটরিং কৌশল, মূল্যায়ন, সম্ভাব্য বাজেটের বিবরণ ইত্যাদি।
প্রতিবেদনে মালয়েশিয়া যেমন ‘ট্রুুলি এশিয়া’, মালদ্বীপ যেমন ‘সানিসাইড অব লাইফ’, শ্রীলংকা যেমন ‘দি পার্ল অব ইন্ডিয়ান ওশান’, হংকং যেমন ‘এশিয়াস ওয়ার্ল্ড সিটি’, সিঙ্গাপুর যেমন ‘গ্লোবাল বিজনেস হাব’, চীন যেমন ‘ফ্যাক্টরি অব দি ওয়ার্ল্ড’ এবং কেরালা (ভারত) যেমন ‘গডস ওউন কান্ট্রি’ তেমন একটি দেশ গঠনের সুপারিশ করা হয়।
আইন শৃঙ্খলার চরম অবনতি, দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যকাণ্ড ও বোমা বিস্ফোরণসহ বিভিন্ন বিষয়ে সরকার যখন কঠোর সমালোচনার মধ্যে রয়েছে তখন জাতীয় রাষ্ট্র উন্নয়ন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গৃহীত এ পরিকল্পনা সরকারকে সব সময় ইতিবাচক সক্রিয় ভূমিকায় থাকতে সহযোগিতা করবে।
