২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি কর্মকাণ্ডের জন্যে আমি অনুতপ্ত: জেএমবি’র আত্মঘাতী স্কোয়াড সদস্য তানভীর

আমার জঙ্গি কর্মকাণ্ডের জন্যে আমি অনুতপ্ত। দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই-- এসব কথা বলেছে পঞ্চগড় থানা পুলিশের হাতে গ্রেপ্তারকৃত জেএমবি’র আত্মঘাতী স্কোয়াড সদস্য তানভীরুজ্জামান ওরফে সালমান ওরফে মুরাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 07:38 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

সাত দিনের পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় পঞ্চগড় থানায় উপস্থিত সাংবাদিক ও পুলিশের শনিবার কাছে সে এভাবে অনুশোচনা প্রকাশ করে। সে দেশবাসীকে জেএমবি উৎখাতের অভিযানে নামারও আহবান জানায়।

জামাত সমর্থিত ইসলামী ছাত্র শিবির থেকে জেএমবিতে আসা তানভীর বলেছে, কোরআন ও হাদীসের ভুল ব্যাখ্যা দিয়ে তার মত কোমলমতি অনেক কিশোর--তরুণকে জেএমবিতে এনেছে। ইসলাম কায়েমের জন্যে জেএমবি’র বর্তমান কর্মকাণ্ড একেবারে অনৈতিক ও অনৈসলামিক আখ্যা দিয়ে সে জেএমবি’র নেতাকর্মীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানিয়েছে।

সে আরও বলেছে, আত্মঘাতী হামলা করে ইসলাম কায়েম করা যাবে না।

তানভীর জানায়, জেএমবিতে থেকে এতদিন আমি যা করেছি, তা ভুল করেছি। আমি বুঝতে পেরেছি এসবই অন্যায়। কোরআন ও হাদীস এসব সমর্থন করে না।

সে সাংবাদিকদের জানায়, শিবির কর্মী থেকেই সে জেএমবিতে দীক্ষা নিয়েছে। জামিল পারভেজ নামে এক শিবির কর্মীর মাধ্যমে সে জেএমবিতে যোগদান করে। পঞ্চগড়ে ১৭ আগস্টের বোমা হামলায় জড়িত থাকার পাশপাশি সে পঞ্চগড় জেলা ও দায়রা জজকে বোমা মেরে হত্যার জন্যে দু’বার পরিকল্পনার কথাও আবার স্বীকার করে। তবে কড়া পুলিশ প্রহরা ও সতর্ক নজরদারির কথা উল্লেখ থাকায় তার পরিকল্পনাগুলো জেএমবির শীর্ষ পর্যায়ে  অনুমোদন পায়নি। সে সব পরিকল্পনা অনুমোদন পেলে ঝালকাঠীর আগেই বোমা মেরে পঞ্চগড়ের বিচারকদের হত্যা করা হতো বলে পুলিশ ও সাংবাদিকদের জানিয়েছে।

এসময় পঞ্চগড় পুলিশ সুপার শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ নাজমুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ ফকির পিপিএম উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তারকৃত শায়খ আব্দুর রহমানের জামাতা আব্দুল আউয়ালের স্বীকারোক্তির সূত্র ধরে পঞ্চগড় থানার পুলিশ ১৯ নভেম্বর শহরের নতুন বস্তি এলাকার এক ভাড়াটিয়া বাসা থেকে জেএমবির আত্মঘাতী স্কোয়াড সদস্য তানভীরসহ তিন জেএমবি ক্যাডারকে পুলিশ গ্রেপ্তার করে।